তৃতীয় টেস্টের আগে জ্বরে ভুগছেন বাবর

পাকিস্তান ক্রিকেট
বাবর আজম, ফাইল ফটো
বাবর আজম, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ড সফরটা এমনিতেই ভালো যাচ্ছে না বাবর আজমের। এর মধ্যে এজবাস্টনে সিরিজের শেষ টেস্টের আগে জ্বরে ভুগছেন পাকিস্তানের অধিনায়ক। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হলেও দলের পক্ষ থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠার আশাবাদ জানানো হয়েছে।

৩১ বছর বয়সী বাবর লর্ডস টেস্টে দলে ফিরেছিলেন আঙুলের চোট কাটিয়ে। তবে ফেরার ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ৮ ও ৬ রান। ম্যাচটিও পাকিস্তান হারে ১৯৪ রানে।

পাকিস্তান দলের সংবাদ ব্যবস্থাপক নাভিদ আকরাম চিমাকে নিজের জ্বরের কথা জানিয়েছেন বাবর। তবে অধিনায়কের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তার কারণ দেখছেন না তিনি। চিমার বিশ্বাস, দ্রুতই সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন বাবর।

লর্ডসের আগে হেডিংলেতে সিরিজের প্রথম টেস্টেও খেলতে পারেননি বাবর। আঙুলের চোটের কারণে বাইরে থাকার পর দ্বিতীয় টেস্টে ফিরেও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। টেস্টে তার সর্বশেষ সেঞ্চুরি এসেছিল ২০২২ সালের ডিসেম্বরে, ফলে দীর্ঘদিন ধরে চলছে রানখরাও।

বাবরের ব্যক্তিগত ব্যর্থতার সঙ্গে তাল মিলিয়ে ইংল্যান্ডে পাকিস্তানের অবস্থাও হয়েছে নাজুক। হেডিংলেতে ইনিংস ও ১০৩ রানে হারের পর লর্ডসে ১৯৪ রানে হেরে সিরিজ খুইয়েছে তারা। প্রথম দুই টেস্টের কোনো ইনিংসেই দুইশ রান করতে পারেনি পাকিস্তান।

এর মধ্যেই দলে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রধান কোচ সরফরাজ আহমেদকে সরিয়ে দেয়া হয়েছে, সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শেষ টেস্টের দায়িত্ব সামলাতে আনা হয়েছে মাইক হেসনকে। আগামী ৯ সেপ্টেম্বর বার্মিংহ্যামে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

আরো পড়ুন: