ইংল্যান্ডের আগেই অবশ্য পাকিস্তান সফরে যাবে শ্রীলঙ্কা। তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলতে অক্টোবরের প্রথম সপ্তাহে পাকিস্তানে যাবেন কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কারা। আগামী ৯, ১১ এবং ১৩ অক্টোবর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা থাকাকালীনই পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। ১৮ অক্টোবর পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ২০ অক্টোবর পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলকে নিয়ে ৩১ অক্টোবর হবে ফাইনাল।
ত্রিদেশীয় সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। ফাইনালসহ বাকি সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়েও ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল পাকিস্তান।
কয়েক দিনের বিরতিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজও খেলবে পাকিস্তান। ৯ থেকে ১৩ নভেম্বর রাওয়ালপিন্ডিতে হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ হবে ১৭ থেকে ২১ নভেম্বর, লাহোরে। টেস্ট সিরিজ শুরুর আগে অবশ্য ৪ থেকে ৬ নভেম্বর ইসলামাবাদে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।