ইংল্যান্ডের কন্ডিশনে পাকিস্তানেরই বেশি সুবিধা দেখছেন শাকিল

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ
সাউদ সাকিল, ফাইল ফটো
সাউদ সাকিল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের কন্ডিশন পাকিস্তানের জন্যই সুবিধাজনক হতে পারে বলে মনে করছেন সাউদ শাকিল। বুধবার (১৯ আগস্ট) লিডসে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে পাকিস্তানের এই ব্যাটারের ধারণা, সাম্প্রতিক গরম আবহাওয়ার কারণে ম্যাচ যত গড়াবে, পিচ তত শুকিয়ে আসতে পারে। তাতে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন।

ইংল্যান্ড সফরে বেশ ভালো প্রস্তুতি নিয়ে এসেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট জেতার পর ইংল্যান্ডের বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষেও ৭ উইকেটে জয় পেয়েছে তারা। ওই ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করে ব্যাট হাতে আলো ছড়ান শাকিল। বাঁহাতি স্পিনার আলি উসমানও ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফর্ম ধরে রাখেন।

ইংল্যান্ডের পিচ ঠিক কেমন আচরণ করবে, তা নিয়ে নিশ্চিত নন শাকিল। তবে সাম্প্রতিক গরম আবহাওয়ার কারণে পিচ শুকিয়ে গেলে ম্যাচের শেষ দিকে স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন বলে মনে করেন তিনি।

শাকিল বলেন, ‘ইংল্যান্ডে এবার যেভাবে গরম পড়ছে, তাতে পিচ বেশ শুকনো হয়ে যেতে পারে এবং স্পিনাররা ম্যাচে প্রভাব ফেলতে পারেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সিরিজেও শেষ টেস্টে বল বেশ ঘুরেছে।’

লিডসে শুরু হতে যাওয়া টেস্টটি ইংল্যান্ডের মাটিতে শাকিলের প্রথম হলেও হেডিংলেতে খেলার অভিজ্ঞতা আছে তার। ২০২৩ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইয়র্কশায়ারের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি।

এদিকে নতুন অধিনায়ক ও নতুন কোচের অধীনে মাঠে নামবে ইংল্যান্ড। বেন স্টোকস অবসর নেওয়ার পর নেতৃত্বে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার জো রুট। একই সময়ে ব্রেন্ডন ম্যাককালামও কোচের দায়িত্বে নেই। ফলে ইংল্যান্ড আগের মতো ‘বাজবল’ ক্রিকেট খেলবে কি না, তা নিয়েও রয়েছে কৌতূহল।

তবে প্রতিপক্ষের কৌশল দেখে নিজেদের খেলার ধরন বদলাতে চান না শাকিল। তার মতে, টেস্ট ক্রিকেটে প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ আসে এবং পরিস্থিতি বুঝে ক্রিকেট খেলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে শাকিল বলেন, ‘প্রতিটি টেস্টই চ্যালেঞ্জিং। টেস্ট ক্রিকেট প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। এই ম্যাচও তার ব্যতিক্রম নয়। আমরা এখানে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

নিজেদের পরিকল্পনা নিয়ে শাকিল আরও যোগ করেন, ‘আমরা সিরিজটাকে বাজবলের দৃষ্টিতে দেখছি না। কন্ডিশন ও পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। এই মাঠের আউটফিল্ড বেশ দ্রুত, তাই আক্রমণাত্মক শট খেলা সুবিধাজনক হতে পারে। তবে প্রতিপক্ষ কীভাবে খেলছে, শুধু সে কারণে আমরা নিজেদের খেলার ধরন বদলাব না। আমাদের কাছে যেটা সবচেয়ে ভালো মনে হবে, সেভাবেই খেলব।’

আরো পড়ুন: