প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের সকালের সেশনে ৫ রানে ব্যাট করছিলেন বাবর। এ সময় হ্যাম্পশায়ারের পেসার ম্যানি লামসডেনের শর্ট অব আ লেংথের একটি বল উঠে এসে তার নিচের হাতের অংশে আঘাত করে। সঙ্গে সঙ্গে ব্যথায় ব্যাট মাটিতে ফেলে দেন বাবর। পরে গ্লাভস খুলে মাঠ থেকে সরে যান তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে লিডসে পৌঁছেছে পাকিস্তান। সোমবার হেডিংলিতে প্রথমবারের মতো অনুশীলন করেছে সফরকারীরা। অল্প সময়ের জন্য নেটে ব্যাটিং করেছেন বাবর। তবে ব্যাটিংয়ের সময় তেমন কোনো অস্বস্তি চোখে পড়েনি। তবুও প্রথম টেস্টে খেলা হচ্ছে না বাবরের।
পাকিস্তানের অধিনায়কের ছিটকে যাওয়া নিয়ে দেশটির সাদা বলের ক্রিকেটের প্রধান কোচ বলেন, ‘পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে প্রথম টেস্টে পাওয়া যাচ্ছে না। প্রথম টেস্টে সালমান আলী আঘা অধিনায়ক।’
বাবর ছিটকে যাওয়ায় পাকিস্তানের মিডল অর্ডারে দেখা যেতে পারে সাউদ সাকিল ও আওয়াইজ জাফরকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা হয়নি সাকিলের। তবে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছে জাফরের। বাবর ছিটকে যাওয়ায় ১৯ আগষ্ট থেকে শুরু হওয়া টেস্টের একাদশে দেখা যেতে পারে জাফর ও সাকিলকে।