একাদশে গ্রিনের সঙ্গে খেলা নিয়ে সমস্যা দেখছেন না ওয়েবস্টার

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
ক্যামেরন গ্রিন ও বেউ ওয়েবস্টার, ফাইল ফটো
ক্যামেরন গ্রিন ও বেউ ওয়েবস্টার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে একটি জায়গা নিয়েই মূল কৌতূহল। ক্যামেরন গ্রিন ও বাউ ওয়েবস্টার- দুজন পেস বোলিং অলরাউন্ডারকে একসঙ্গে খেলানো হবে, নাকি বাড়তি একজন ব্যাটারকে নেয়া হবে, সেটিই এখন আলোচনার বিষয়। একাদশে জায়গা পাওয়ার দৌড়ে গ্রিন কিছুটা এগিয়ে থাকলেও ওয়েবস্টার মনে করেন, দুজনের একসঙ্গে খেলার যথেষ্ট সুযোগ রয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক অনুশীলনেও মিলেছে সেই ইঙ্গিত। ফিল্ডিং অনুশীলনে প্রথম স্লিপে দেখা গেছে ওয়েবস্টারকে। এতে ধারণা করা হচ্ছে, গ্রিন ও ওয়েবস্টার দুজনকেই একাদশে রাখার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। ডারউইনে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়েবস্টারও ব্যাটিং ও বোলিংয়ে দুজনকে একসঙ্গে খেলানোর সুবিধার কথা বলেছেন।

'আমার মনে হয় না, আমাদের দুজনকে একসঙ্গে খেলতে না পারার কোনো কারণ আছে। প্রথম সাতজন ব্যাটসম্যানের মধ্যে বল হাতে আরও বিকল্প থাকা অবশ্যই বড় সুবিধা। আমি এটাকে সরাসরি প্রতিযোগিতা হিসেবে দেখি না। আমরা দুজনেই যদি ব্যাট হাতে, নিজেদের মূল দক্ষতায় এবং ফিল্ডিংয়ে ভালো করতে পারি, তাহলে অধিনায়কের হাতে আরও বেশি বিকল্প থাকবে।'

ওয়েবস্টার আরও বলেন, 'ক্যামেরনের সঙ্গে খেলতে আমার খুব ভালো লাগে। সে বল করুক বা আমি করি, বিকল্প বেশি থাকাটা আমার পছন্দ। মূল তিন পেসার ও স্পিনারকে প্রয়োজন অনুযায়ী বদলানোর সুযোগ থাকলে আমরা সেটি করতে পারি। তাই দুজন একসঙ্গে খেললে আমি খুবই খুশি।'

গ্রিন ও ওয়েবস্টারের একসঙ্গে খেলার অভিজ্ঞতাও অস্ট্রেলিয়ার আছে। ওয়েবস্টার এখন পর্যন্ত আটটি টেস্ট খেলেছেন, যার পাঁচটিতে একাদশে ছিলেন গ্রিনও। তবে নতুন মৌসুমে অস্ট্রেলিয়ার নির্বাচকেরা কোন সমন্বয় বেছে নেন, সেটিই এখন দেখার বিষয়। গ্রিনের ওপর নির্বাচক ও দলীয় ব্যবস্থাপনার আস্থা থাকলেও সীমিত সুযোগে ওয়েবস্টারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

গত বছরের শুরুতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে সিডনিতে অর্ধশতক করেছিলেন ওয়েবস্টার। আট টেস্টে তার ফিফটি এখন পাঁচটি। ব্যাটিংয়ে তার গড় ৪১.০৯, পাশাপাশি নিয়েছেন ১১টি উইকেট। দলের কঠিন সময়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ইনিংস খেলে নিজেকে কার্যকর ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এ কারণেই একাদশ নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়াকে ভাবতে হচ্ছে ওয়েবস্টারকে নিয়ে।

নিজের পারফরম্যান্স নিয়ে ওয়েবস্টার বলেন, 'আমি শুধু নিজের কাজটা করে যেতে এবং একাদশ থেকে বাদ পড়া কঠিন করে তুলতে পেরে খুশি। সেটা ব্যাট বা বল, যেভাবেই হোক। আমি খেলার সব দিকেই অবদান রাখতে পারার জন্য গর্বিত। আমি প্রচুর রান করে এই দলে জায়গা করে নিয়েছি। মূলত একজন ব্যাটসম্যান হিসেবে রান করতেই হবে, এটাই দলে ঢোকার ও টিকে থাকার আমার পথ। প্রথম আট টেস্টে ব্যাট হাতে যা করেছি, তাতে হয়তো প্রমাণ হয়েছে যে আমাকে সত্যিকারের সেরা ছয় ব্যাটসম্যানের একজন হিসেবেও বিবেচনা করা যায়।'

আরো পড়ুন: