ভারত টানা দুটি টি-টোয়েন্টি সিরিজে হেরেছে। প্রথমে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ হারতে হয়েছে। এরপর ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ খুইয়েছে তারা। ট্রেন্ট ব্রিজে তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টিতে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জাও পেয়েছে ভারত। একটি ম্যাচ বাকি থাকলেও সিরিজের ফল এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে।
এরই মধ্যে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা দিয়ে বলেছেন, ‘ইংল্যান্ডে কী কী ভুল হয়েছে, তা নিয়ে দলের মূল সদস্যদের সঙ্গে আমরা একটি পর্যালোচনা বৈঠক করব। বৈঠকে শুধু দলের পারফরম্যান্স এবং দুর্বলতা কাটিয়ে ওঠার উপায় নিয়েই আলোচনা হবে। অন্য কোনো বিষয় আলোচনায় থাকবে না।’
বর্তমানে স্কটল্যান্ডের এডিনবরায় আইসিসির বার্ষিক সম্মেলনে থাকা সাইকিয়া বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে ভারতের টি-টোয়েন্টি দলের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন সময় আসতেই পারে। আমরা এটিকে শুধুই একটি খারাপ সময় হিসেবে দেখছি।’
ভারত বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন। নিজেদের মাটিতে শিরোপা জয়ের পর বিদেশের কন্ডিশনে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দল। আইপিএলের অরেঞ্জ ক্যাপজয়ী বৈভব সূর্যবংশীর বহুল আলোচিত অভিষেকও প্রত্যাশা পূরণ করতে পারেনি। এদিকে ভারতীয় দলের নেতৃত্বেও এসেছে বড় পরিবর্তন।
বিশ্বকাপের পর সূর্যকুমার যাদবের জায়গায় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। তবে তার নেতৃত্বে এখনো কোনো ম্যাচ জিততে পারেনি ভারত। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এদিকে ভারত ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেছেন সাইকিয়া।
এই বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘আমরা আশা করছি, দল আবার ভালো ছন্দে ফিরবে। ১৯ জুলাই ওয়ানডে সিরিজ শেষ হয়ে দল দেশে ফিরলে আমরা পর্যালোচনা বৈঠক করব।’