ট্রেন্ট রকেটস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ইংলিশ পেসার ডেভিড পেইনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে আমিরকে। দেশি খেলোয়াড়ের কোটাতে আমিরকে খেলাতে পারবে রকেটস।
ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, 'পেসার মোহাম্মদ আমির ডেভিড পেইনের জায়গায় খেলবেন। গোড়ালির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা ডেভিডের দ্রুত সুস্থতা কামনা করছি।'
দলে যোগ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন আমির। তিনি লিখেছেন, 'ট্রেন্ট রকেটসের অংশ হতে পেরে আনন্দিত।'
৩৩ বছর বয়সী আমির পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন। এর আগে দ্য হান্ড্রেডের তিনটি মৌসুমে লন্ডন স্পিরিট ও ওভাল ইনভিন্সিবলসের হয়ে খেলেছেন তিনি। আট ম্যাচে তার শিকার ছয় উইকেট।
এদিকে দ্য হান্ড্রেড ২০২৬-এর পুরুষদের ড্রাফটে পাকিস্তানের আরও দুই স্পিনার আবরার আহমেদ ও উসমান তারিক দল পেয়েছেন। বার্মিংহাম ফিনিক্স ১ লাখ ৪০ হাজার পাউন্ডে উসমান তারিককে দলে ভিড়িয়েছে।
অন্যদিকে আইপিএল-সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস (সাবেক নর্দার্ন সুপারচার্জার্স) ১ লাখ ৯০ হাজার পাউন্ডে দলে নিয়েছে আবরার আহমেদকে। তবে ড্রাফটে দল পাননি পাকিস্তানের হারিস রউফ, শাদাব খান ও সাইম আইয়ুব।
দ্য হান্ড্রেডের ২০২৬ আসর শুরু হবে এমআই লন্ডন (সাবেক ওভাল ইনভিন্সিবলস) ও সানরাইজার্স লিডসের ম্যাচ দিয়ে। উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে দ্য ওভালে।