‘১-২ ম্যাচের ফলাফল দিয়ে ভারতকে বিচার করা যাবে না’

ইংল্যান্ড-ভারত সিরিজ
ভারত দল, ফাইল ফটো
ভারত দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে সমালোচকদের জবাব দিয়েছেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তার মতে, টানা কয়েকটি খারাপ ফলাফলের পর দলকে নিয়ে অতিরিক্ত নেতিবাচক আলোচনা করা ঠিক নয়। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দল এখনও জয়ের দেখা না পেলেও পরিস্থিতিকে স্বাভাবিকভাবেই দেখছেন তিনি।

টানা দু'বার বিশ্বকাপ জয়ের পর নতুন মৌসুমে বিশ ওভারের ক্রিকেটে ভালো শুরু করতে পারেনি ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ হারের পর ইংল্যান্ডের বিপক্ষেও প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় এবং দ্বিতীয় ম্যাচে হারতে হয়। এরপর থেকেই দল, প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক আইয়ারকে ঘিরে সমালোচনা বাড়তে থাকে।

কোটাক বলেন, 'আমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই উন্নতি করতে হবে। তবে আমরা এক-দুটি ম্যাচের ফল নিয়ে বিচার করি না। জিতলে সবাই প্রশংসা করে, আবার হারলেই নানা কথা শুরু হয়। অথচ গত দুই বছরে আমরা কোনোদিন ধারাবাহিকভাবে হারিনি। বিশ্বকাপ ও এশিয়া কাপ জিতেছি।'

ভারতের ব্যাটিং কোচের মতে, দল এখন পরিবর্তনের একটি পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে কিছুটা সময় লাগবেই। তাই কয়েকটি ম্যাচের ফল দেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

তিনি বলেন, 'দলে পরিবর্তন এসেছে, অধিনায়ক বদল হয়েছে। হার্দিক পান্ডিয়া খেলতে পারছে না। আগামী দুই বছরের কথা মাথায় রেখে নতুন কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেয়া হয়েছে। এমন ফল কাম্য নয়, তবে হতে পারে। কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু পরের বিশ্বকাপ জিততে হলে আমাদের আরও ভালো খেলতেই হবে।'

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ভারত এখন ১-০ ব্যবধানে পিছিয়ে। তৃতীয় ম্যাচ জিতে সিরিজে ফিরতে চাইবে আইয়ারের দল। কোটাকের দাবি, দলে আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই এবং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারত।

আরো পড়ুন: