এরপর ইংল্যান্ড ম্যাচে ফিরে আসে এবং ৪ উইকেটের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর মনে করেন, বিষ্ণইকে এখন ব্যাটাররা সহজেই বুঝে ফেলতে পারছেন, তিনি দ্রুত গতিতে বল করেন এবং তার লেগ স্পিনে খুব বেশি টার্নও নেই।
ভারতীয় এই স্পিনারের সমালোচনা করে তিনি বলেন, ‘আমার মনে হয় ব্যাটাররা একবার রবি বিষ্ণইয়ের সঙ্গে অভ্যস্ত হয়ে গেলে তাকে খেলা সহজ হয়ে যায়। সে প্রায় ১০০ কিলোমিটার গতিতে বল করে, আর সেই গতিতে তার লেগ স্পিন খুব বেশি টার্ন করে না। বেশিরভাগ সময় সে টপস্পিনার বা ভিন্ন কিছু করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তার বোলিংয়ের একটি নির্দিষ্ট গতি আছে। সে গুগলি বলও করে, তবে ব্যাটাররা এখন মনে হচ্ছে তাকে খেলার কৌশল বুঝে ফেলেছে।’
পাশাপাশি তিনি আরও বলেন, ‘আমরা আইপিএলেও এটা দেখেছি। রাজস্থান রয়্যালস তাকে খুব বেশি খেলায়নি। শুরুতে কিছু ম্যাচে সুযোগ দিয়েছিল এবং সে মোটামুটি ভালোও করেছিল, কিন্তু এরপর তাকে বাদ দিয়ে যশ রাজ পুনজাকে খেলিয়েছে। তাই আমার মনে হয় রবি বিষ্ণইকে সফল থাকতে হলে নিজের খেলায় কিছু পরিবর্তন আনতে হবে। না হলে একই গতিতে বল করলে এবং ব্যাটাররা অভ্যস্ত হয়ে গেলে তাকে খেলা খুব সহজ হয়ে যাবে।’
বিষ্ণইয়ের বিকল্প হিসেবে কুলদীপ যাদব, শিবাং কুমারের মতো ক্রিকেটারকে বিবেচনা করতে পারে ভারত। দুজনেই সর্বশেষ আইপিএলে দারুণ পারফরম্যান্স করেছেন। জাফরের ভাবনা ভারত পরবর্তী বিশ্বকাপের কথা মাথায় রেখেই বিষ্ণইকে খেলাচ্ছে।
তিনি যোগ করেন, ‘আইপিএল দেখে মনে হয় ভারতের হাতে বোলিংয়ের অনেক বিকল্প আছে। কুলদীপ যাদব এই দলে নেই। আমরা সানরাইজার্সে শিবাং কুমারের পারফরম্যান্সও দেখেছি, তাই বিকল্প রয়েছে। এমন নয় যে ভারতের কাছে অপশন নেই। আমার মনে হয় নির্বাচকরা রবি বিষ্ণইকে পরবর্তী বিশ্বকাপের কথা মাথায় রেখে দলে নিয়েছেন।'