দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ
অলি রবিনসন, ফাইল ফটো
অলি রবিনসন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে আরও একটি ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। ডান হাঁটুর ব্যথার কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার অলি রবিনসন। এর আগে লন্ডনের একটি নাইটক্লাবে ঘটে যাওয়া একটি ঘটনার তদন্ত চলমান থাকায় অধিনায়ক বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসনকেও দ্বিতীয় টেস্টের জন্য দলে রাখা হয়নি। দুই বছর পর দলে ফেরা রবিনসনের ওপর তাই বাড়তি প্রত্যাশা ছিল।

৩২ বছর বয়সী এই পেসারের জন্য সময়টা বেশ কঠিন। প্রায় দুই বছর পর টেস্ট দলে ফিরেছিলেন এই পেসার। প্রত্যাবর্তনের পর প্রথম ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে সাত উইকেট শিকার করেন রবিনসন। এর মধ্যে প্রথম ওভারেই তিন উইকেট নিয়ে আলোচনায় উঠে আসেন তিনি।

তবে দারুণ ফর্মে থাকা এই পেসারকে থামিয়ে দিল ইনজুরি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাঁচিতে ভারতের বিপক্ষে খেলা তার আগের টেস্টেও ফিটনেস নিয়ে আলোচনা হয়েছিল। ওই ম্যাচে তিনি মাত্র ১৩ ওভার বল করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে একটিও ওভার করতে পারেননি।

যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, রবিনসন দলের সঙ্গেই থাকবেন এবং আগামী ২৫ জুন ট্রেন্ট ব্রিজে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে ফেরার লক্ষ্য নিয়ে কাজ করবেন।

রবিনসনের বদলি হিসেবে দলে ফিরতে পারেন পেসার জফরা আর্চার। আইপিএল শেষ করে সম্প্রতি দলে যোগ দেওয়া পেসার গত সপ্তাহে ওভালে দলের সঙ্গে অনুশীলনও করেছেন।

এদিকে উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথকে পরের টেস্টে পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায় থাকায় তাকে নিয়েও ভাবতে হচ্ছে ম্যানেজমেন্টকে। অন্যদিকে দ্বিতীয় টেস্টের আগে স্বস্তিতে নেই নিউজিল্যান্ডও । আন্তর্জাতিক ক্রিকেট থেকে কেইন উইলিয়ামসনের অবসরের পর তার বিকল্প হিসেবে দলে যোগ দিয়েছেন উইল ইয়াং। দ্বিতীয় টেস্টের আগে কেইন উইলিয়ামসনের অভাব পূরণ করাই বড় চ্যালেঞ্জ কিউইদের।

আরো পড়ুন: