হাসান বিশ্বমানের বোলিং করেছে: কেন্ট অধিনায়ক

কাউন্টি ক্রিকেট
হাসান মাহমুদ, ফাইল ফটো
হাসান মাহমুদ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন হাসান মাহমুদ। কেন্টের হয়ে প্রথম ম্যাচেই বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দলকে জয় এনে দিয়েছেন এই বাংলাদেশি পেসার। তার অসাধারণ বোলিংয়ে ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে তিন দিনের মধ্যেই ১৪০ রানের বড় জয় পেয়েছে কেন্ট।

৪২৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ল্যাঙ্কাশায়ার শুরু থেকেই চাপে পড়ে। সেই চাপ আরও বাড়িয়ে দেন হাসান। দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার বল করে ৬৯ রানে ছয় উইকেট শিকার করেন তিনি। প্রথম ইনিংসেও নিয়েছিলেন তিন উইকেট। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ৯ উইকেট।

এই ম্যাচে ১০১ রানে ৯ উইকেট নিয়ে নিজের পেশাদার জীবনের সেরা বোলিং গড়েছেন হাসান। ইনিংসে ৬ উইকেটও তাঁর নতুন ব্যক্তিগত সেরা। ম্যাচ শেষে কেন্ট অধিনায়ক বেল ড্রামন্ড বলেন, 'হাসান বিশ্বমানের বোলিং করেছে আজ (কাল)। পুরো ম্যাচেই সে ভালো দক্ষতা ও গতি নিয়ে বোলিং করেছে। যখনই জুটি গড়ে উঠেছে, হাসান তখন ফিরে এসে উইকেট নিয়েছে। (বল) সুইং করিয়েছে দুই দিকেই।'

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি, প্রথম শ্রেণি ও তালিকাভুক্ত ক্রিকেট- সব মিলিয়ে এর আগে কখনোই এক ম্যাচে ৯ উইকেট কিংবা এক ইনিংসে ছয় উইকেট পাননি হাসান। ফলে কাউন্টিতে প্রথম ম্যাচেই নিজের সেরা পারফরম্যান্সের দেখা পেলেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার প্রথম ছয় উইকেট শিকার। একই সঙ্গে এই সংস্করণে উইকেটের সংখ্যাও একশ ছাড়িয়েছে তার। বর্তমানে প্রথম শ্রেণির ক্রিকেটে হাসানের উইকেট সংখ্যা ১০৪। এই জয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে কেন্ট।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানের পর দ্বিতীয় হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন হাসান মাহমুদ। কেন্টের হয়ে মোট ছয়টি ম্যাচ খেলার কথা রয়েছে তার।

আরো পড়ুন: