শামারের ফাইফার, রাদারফোর্ড-হোল্ডারের ব্যাটে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজ
শামার জোসেফের পাঁচ উইকেট, ফাইল ফটো
শামার জোসেফের পাঁচ উইকেট, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিংস্টনের সাবিনা পার্কে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাঁচ উইকেটের জয় নিয়ে ২-১ ব্যবধানে ট্রফি ঘরে রেখেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয়টিতে হেরে সমতায় নেমে এলেও শেষ লড়াইয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ক্যারিবিয়ানরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে তোলে ১৬৯ রান। শুরুতে পাথুম নিশাঙ্কা ১৭ বলে ২৬ রান করে আক্রমণাত্মক সূচনা এনে দিলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। কামিল মিশারা ২৮ রান করেন। মধ্যভাগে কামিন্দু মেন্ডিস ও দাসুন শানাকার বিদায়ে চাপে পড়ে সফরকারীরা।

সেই চাপের মধ্যে নিচের সারিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ডুনিথ ওয়েলালাগে। ২৮ বলে ৪৩ রানের ইনিংসে ছয়টি চার ও একটি ছক্কা হাঁকিয়ে দলের সংগ্রহকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যান তিনি। শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার ১৩ বলে ২১ রানও শ্রীলঙ্কার পুঁজি বাড়াতে সহায়তা করে।

তবে বল হাতে শ্রীলঙ্কার ইনিংসের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান শামার জোসেফ। ওয়েস্ট ইন্ডিজের এই গতি তারকা চার ওভারে ৩৩ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন। তার আঘাতেই বারবার ছন্দ হারায় শ্রীলঙ্কা। এছাড়া ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেইন ও রস্টন চেজ একটি করে উইকেট নেন।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজেরও। ইনিংসের তৃতীয় বলেই শূন্য রানে ফেরেন অধিনায়ক শাই হোপ। পরে ব্র্যান্ডন কিং ১৬ রান করে আউট হন। ৫৩ রানের মধ্যে আরও দুই ব্যাটার সাজঘরে ফিরলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই শ্রীলঙ্কার হাতে চলে যায়।

সে সময় ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ থিকশানার নিয়ন্ত্রিত বোলিং স্বাগতিকদের চাপে রাখে। হাসারাঙ্গা মাত্র ১৭ রান খরচায় দুই উইকেট নেন। কিন্তু বিপর্যয়ের মধ্যে দলের হাল ধরেন রভম্যান পাওয়েল ও শেরফেন রাদারফোর্ড। দুজনের জুটিতে ধীরে ধীরে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ।

পাওয়েল ২৭ বলে ৩৩ রান করে ফিরলেও দায়িত্ব কাঁধে তুলে নেন রাদারফোর্ড। সংযত ব্যাটিংয়ের পাশাপাশি সুযোগ পেলেই রান তোলার গতি বাড়িয়েছেন তিনি। ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থেকে জয়ের ভিত গড়ে দেন এই বাঁহাতি ব্যাটার।

শেষদিকে জেসন হোল্ডার মাত্র পাঁচ বলেই অপরাজিত ২১ রান করে ম্যাচের বাকি কাজ সেরে দেন। তার ইনিংসে ছিল তিনটি ছক্কার মার। ফলে ১৯.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। শামার জোসেফের পাঁচ উইকেট ও রাদারফোর্ডের অপরাজিত অর্ধশতকে ভর করে সিরিজের নির্ধারণী ম্যাচ জিতে স্বাগতিকরা।

আরো পড়ুন: