বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন গ্রিন। ব্যাট ও বল হাতে মোটামুটি কার্যকর ভূমিকাও ছিল তার। তবে সামনে ব্যস্ত সূচি এবং চোটের বিষয়টি বিবেচনায় নিয়ে ঝুঁকি নিতে চাইছে না অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, 'অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড থেকে প্রত্যাহার করা হয়েছে।'
'গ্রিন অল্প সময়ের রিকভারি ও প্রস্তুতি পর্বের জন্য পার্থে ফিরে যাবেন। এরপর তিনি উত্তর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন।'
গ্রিনের অনুপস্থিতিতে দল কিছুটা ভারসাম্য হারালেও তার বদলি হিসেবে নতুন কাউকে দলে ডাকা হয়নি। এর আগে ট্রাভিস হেডের পরিবর্তে নিখিল চৌধুরীকে দলে অন্তর্ভুক্ত করেছিল অস্ট্রেলিয়া, তবে গ্রিনের জায়গা আপাতত ফাঁকাই রাখা হয়েছে।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের বিশ ওভারের সিরিজ শুরু হবে ১৭ জুন। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের সবকটি ম্যাচ।