ঘরের মাঠে ‘অ্যাওয়ে সিরিজ’ খেলা হচ্ছে না কোহলির

ভারত-আফগানিস্তান সিরিজ
বিরাট কোহলি, ফাইল ফটো
বিরাট কোহলি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথমবারের মতো হোম সিরিজে ভারতকে আতিথ্য দেবে আফগানিস্তান। সেই সিরিজ আবার অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ঐতিহাসিক সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে ঘরের মাঠে এওয়ে সিরিজ খেলতে যাওয়া ভারত। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ভারতের আসন্ন আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন বিরাট কোহলি। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইপিএল ২০২৬ শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল সাবেক ভারতীয় অধিনায়কের। তবে চোটের কারণে সেই প্রত্যাবর্তন আপাতত পিছিয়ে গেল। আহমেদাবাদে অনুষ্ঠিত আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলেন কোহলি। তার দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

৩৭ বছর বয়সেও অসাধারণ ফিটনেসের জন্য পরিচিত কোহলি পুরো মৌসুমেই ছিলেন দুর্দান্ত ছন্দে। ১৬ ইনিংসে ৫৬.২৫ গড়ে এবং ১৬৫.৮৪ স্ট্রাইক রেটে ৬৭৫ রান করেন তিনি। বেঙ্গালুরুর সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি পুরো টুর্নামেন্টে চতুর্থ সর্বোচ্চ রানও আসে তার ব্যাট থেকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্র পিটিআইকে জানিয়েছে, 'হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না।'

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে যখন আলোচনা চলছিল, তখন ব্যাট হাতে জবাব দিয়েছিলেন কোহলি। ২০২৫ সালে নিজের সবচেয়ে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক।

সে বছর ১৩ ইনিংসে ৬৫.১০ গড়ে ৬৫১ রান করেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ৯৬.১৫। চারটি শতক ও তিনটি অর্ধশতকের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজসেরা হওয়ার কৃতিত্ব এবং চার বছর পর আবারও আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছিলেন তিনি।

তবুও নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট এখনো নিশ্চিত করেনি যে ২০২৭ বিশ্বকাপ পরিকল্পনায় কোহলির জায়গা পুরোপুরি নিশ্চিত। ওয়ানডে ক্রিকেটে এখনও নিজের সক্ষমতার প্রমাণ দিতে গত মৌসুমে বিজয় হাজারে ট্রফিতেও অংশ নেন তিনি।

সেখানে মাত্র দুই ম্যাচে ২০৮ রান করেন কোহলি। অন্ধ্রপ্রদেশের বিপক্ষে ১০১ বলে ১৩১ রানের ঝলমলে ইনিংস খেলার পাশাপাশি গুজরাটের বিপক্ষেও অর্ধশতক করেন। একই সঙ্গে তিনি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে দ্রুততম ১৬ হাজার লিস্ট ‘এ’ রান পূর্ণ করার রেকর্ডও গড়েন।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে পুরো সিরিজে রোহিত শর্মাকে পাওয়া যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছিলেন, আইপিএলের সময় পাওয়া হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার অগ্রগতির ওপর নির্ভর করবে রোহিতের এই সিরিজে পাবার বিষয়টি।

আরো পড়ুন: