সফরে দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে। বিশেষ করে টেস্ট সিরিজে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত। ২০২৪ সালে নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ঐতিহাসিক হোয়াইটওয়াশের স্মৃতি এখনো তাড়া করে ফিরছে ভারতকে।
২০২৬ সালের ২২ অক্টোবর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নিউজিল্যান্ডের ঘরোয়া মৌসুম শুরু হবে। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুই দলের সর্বশেষ মুখোমুখি দেখা হয়েছিল আহমেদাবাদে, যেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছিল ভারত।
টি-টোয়েন্টি সিরিজের পর ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে থাকায় এই সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সিরিজ দিয়েই দীর্ঘ বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। ওয়ানডে সিরিজ শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচে টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল। ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু প্রথম টেস্ট।
ভারতের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কাকে আতিথ্য দেবে নিউজিল্যান্ড। সেই সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, নিউজিল্যান্ড নারী দল ২০২৬ সালের ডিসেম্বরে বাংলাদেশের নারী দলকে আতিথ্য দেবে। সেই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ প্রসঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান বিপণন ও বাণিজ্য কর্মকর্তা গ্লেন ক্রিচলি বলেন, 'ক্রিকেটের দুনিয়ায় ভারতের চেয়ে বড় আকর্ষণ আর নেই। তাই আমরা নিউজিল্যান্ডের দর্শকদের জন্য স্মরণীয় একটি সফর উপহার দিতে বদ্ধপরিকর। ভারতীয় দলের জনপ্রিয়তা ও সমর্থকগোষ্ঠী সত্যিই বিস্ময়কর। বিরাট কোহলি ও জাসপ্রিত বুমরাহর মতো তারকারা সফরে এলে যে উন্মাদনা তৈরি হবে, সে জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।'
নিউজিল্যান্ড-ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ২২ অক্টোবর | ১ম টি-টোয়েন্টি | হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ |
| ২৪ অক্টোবর | ২য় টি-টোয়েন্টি | হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ |
| ২৭ অক্টোবর | ৩য় টি-টোয়েন্টি | হেনরি স্টেডিয়াম, ওয়েলিংটন |
| ৩০ অক্টোবর | ৪র্থ টি-টোয়েন্টি | ইডেন পার্ক, অকল্যান্ড |
| ১ নভেম্বর | ৫ম টি-টোয়েন্টি | সেডন পার্ক, হ্যামিল্টন |
| ৪ নভেম্বর | ১ম ওডিআই | ইডেন পার্ক, অকল্যান্ড |
| ৭ নভেম্বর | ২য় ওডিআই | হেনরি স্টেডিয়াম, ওয়েলিংটন |
| ১০ নভেম্বর | ৩য় ওডিআই | সেডন পার্ক, হ্যামিল্টন |
| ১৩ নভেম্বর | ৪র্থ ওডিআই | বে ওভাল, তৌরাঙ্গা |
| ১৫ নভেম্বর | ৫মি ওডিআই | বে ওভাল, তৌরাঙ্গা |
| ১৯-২৩ নভেম্বর | ১ম টেস্ট | সেলো বেসিন রিজার্ভ, ওয়েলিংটন |
| ২৭ নভেম্বর - ১ ডিসেম্বর | ২য় টেস্ট | হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ |