অধিনায়ক মেন্ডিসের ম্যাচসেরা ইনিংসে জয়ে সফর শুরু শ্রীলঙ্কার

ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজ
কুশল মেন্ডিস, ফাইল ফটো
কুশল মেন্ডিস, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নতুন করে নেতৃত্বের দায়িত্ব পেয়ে ব্যাট হাতেও দারুণ খেললেন কুশল মেন্ডিস। তার কার্যকর ইনিংসের সঙ্গে পাথুম নিশাঙ্কা ও অন্যদের গুরুত্বপূর্ণ অবদানে বড় সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। পরে বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সফর শুরু করেছে লঙ্কানরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৪১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। জ্যামাইকার স্যাবাইনা পার্কে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৩০৩ রান তোলে সফরকারীরা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ২৬২ রানে।

সবুজাভ উইকেটে শুরুতে কিছুটা চাপে পড়েছিল শ্রীলঙ্কা। প্রথম ওভারেই জীবন পাওয়া নিশাঙ্কা পরে ইনিংস গড়ার কাজটি ভালোভাবেই করেন। কামিন্দু মেন্ডিস দ্রুত ফিরলেও দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে ১৩৬ রানের জুটি গড়ে দলকে মজবুত ভিত্তি এনে দেন তিনি।

নিশাঙ্কা ১০৩ বলে ৭৯ রান করে বিদায় নেন। অন্যদিকে অধিনায়ক কুশল মেন্ডিস খেলেন ৬২ বলে ৭২ রানের ঝকঝকে ইনিংস। চারটি চার ও সমান সংখ্যক ছক্কায় সাজানো এই ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

মাঝের দিকে চারিথ আসালাঙ্কা ৪৫ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ দিকে জানিথ লিয়ানাগে মাত্র ২৯ বলে অপরাজিত ৪৪ রান করে দলের সংগ্রহ তিনশ পেরিয়ে নিতে সহায়তা করেন।

৩০৪ রানের লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ শুরুটা করেছিল ইতিবাচকভাবে। জন ক্যাম্পবেল (১৭) ও জাস্টিন গ্রেভস (৪৫) দ্রুত রান তুললেও কেউই ইনিংস বড় করতে পারেননি। পরে কেসি কার্টি (২৭) ও অধিনায়ক শাই হোপ (৫৬) কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। হোপের ব্যাট থেকেই আসে দলের একমাত্র অর্ধশতক।

তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় ম্যাচে আর ফিরে আসতে পারেনি স্বাগতিকরা। মাহিশ থিকসানা নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে নেন দুটি উইকেট। আর দুশমন্থ চামিরা চার উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজের পথ আরও কঠিন করে তোলেন। তাদের সম্মিলিত বোলিংয়ে জয় নিশ্চিত করে সফরের শুভ সূচনা করেছে শ্রীলঙ্কা।

আরো পড়ুন: