বহুদিনের কল্পনা সত্যি হলো কোহলির

আইপএল
বিরাট কোহলি
বিরাট কোহলি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
১৭ বছর আইপিএল শিরোপা নামক একটা অধরা স্বপ্নকে তাড়া করে এসেছেন। ২০২৫ সালে সেই অধরা স্বপ্ন ছোঁয়ার পর টানা দ্বিতীয়বার সেই স্বপ্ন বাস্তব হয়ে ধরা দিয়েছে বিরাট কোহলির কাছে। গতবারের আইপিএল শিরোপা জেতার পর কোহলি নানান সময় জানিয়েছেন সেই অর্জন কতটা বিশেষ তার জন্য। এবারের আইপিএল শিরোপাটাও ভিন্ন কারণে বিশেষ কোহলির কাছে। কোহলির জয়সূচক শটেই শিরোপা নিশ্চিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর, যে মুহূর্ত বহুদিন ধরে কল্পনায় দেখেছেন তিনি।

আইপিএলের ১৯তম মৌসুমে খেলতে নেমে ফাইনালে নিজের ক্যারিয়ারের দ্রুততম অর্ধশতক পূর্ণ করেন কোহলি। মাত্র ২৫ বলে ফিফটি স্পর্শ করেন এই ব্যাটার। ফাইনালে অপরাজিত ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে দ্বিতীয়বারের মতো টানা আইপিএল চ্যাম্পিয়ন করার পথে নেতৃত্ব দেন কোহলি।

কোহলি বলেন, 'এটা এমন একটি অনুভূতি, যা একজন ক্রিকেটার স্বপ্ন দেখে। বহুবার কল্পনা করেছি, আইপিএল জিতলে আমি যেন মাঠে থেকে জয়সূচক রানটি নিতে পারি। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। আজ আমরা খুব স্বস্তিতে এবং আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিলাম। আমরা জানতাম কীভাবে খেলতে চাই এবং আমাদের দলে কী ধরনের সামর্থ্য আছে। এই বিশ্বাসই কঠিন পরিস্থিতি মোকাবিলার শক্তি দেয়।'

নিজের ১৯তম মৌসুমে এসেও একইভাবে খেলে যাওয়া প্রসঙ্গে কোহলি বলেন, 'তরুণ ক্রিকেটাররা প্রতিনিয়ত আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। তারা আপনাকে নিজের খেলায় উন্নতি আনতে উৎসাহ দেয়। আমি সবসময় নিজের খেলার উন্নতির সুযোগ খুঁজি। আধুনিক ক্রিকেটে অতিরিক্ত ২০-৩০ রান অনেক গুরুত্বপূর্ণ, তাই আমাকে আরও বেশি আক্রমণাত্মক হতে হয়েছে এবং প্রতিপক্ষের সেরা বোলারদের চ্যালেঞ্জ জানাতে হয়েছে।'

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও আইপিএলে কোহলি আছেন নিজের চেনা ছন্দে। এবারের আইপিএলে ১৬ ম্যাচে ৫৬.২৫ গড়ে করেছেন ৬৭৫ রান। ফাইনালের মত বড় মঞ্চেও দলের হয়ে খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। বড় ম্যাচে তার মত বড় খেলোয়াড়ের দায়িত্ব যে বেশি তা ভালোভাবেই জানেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার।

এ প্রসঙ্গে কোহলি বলেন, 'আমাদের দলে অনেক অভিজ্ঞ ও পরিণত খেলোয়াড় আছে। কঠিন পরিস্থিতিতে অভিজ্ঞতার মূল্যই সবচেয়ে বেশি। উত্তেজনা বা আক্রমণাত্মক ক্রিকেট গুরুত্বপূর্ণ, কিন্তু বড় ম্যাচে বড় খেলোয়াড়দেরই দায়িত্ব নিতে হয়। প্রতিপক্ষ হয়তো আমাকে দ্রুত আউট করার পরিকল্পনা করেছিল। কিন্তু আমি নিশ্চিত ছিলাম, আমি দ্রুত আউট হলেও আমাদের দলে এমন অনেক ম্যাচজয়ী ক্রিকেটার আছে, যারা কাজটি শেষ করতে পারবে।'

১৭ বছরের শিরোপা খরা কাটিয়ে টানা দুই মৌসুম ট্রফি জেতায় টিম ম্যানেজমেন্টকেও কৃতিত্ব দিতে ভোলেননি কোহলি। তিনি বলেন, 'যখন দলের ওপর এমন আস্থা থাকে, তখন আপনি নির্ভয়ে প্রতিপক্ষের বোলারদের আক্রমণ করতে পারেন। এর কৃতিত্ব ম্যানেজমেন্টের, যারা দারুণভাবে দল সাজিয়েছে। খেলোয়াড়দের প্রতিভা এবং নিজেদের প্রতি বিশ্বাসই আমাদের টানা দুই মৌসুমের চ্যাম্পিয়ন করেছে, যা সত্যিই বিশেষ অর্জন।'

আরো পড়ুন: