বাবর প্রস্তুত আছে: সরফরাজ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
অনুশীলনে বাবর আজম
অনুশীলনে বাবর আজম
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাবর আজমের খেলার সম্ভাবনা নিয়ে খোলাসা করেছেন পাকিস্তানের লাল বলের দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ। পাকিস্তানের এই ব্যাটার হাঁটুর চোটের কারণে মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি।

দ্বিতীয় টেস্টের আগে ফিটনেস ফিরে পেতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন। এরই মধ্যে পাকিস্তানের পক্ষ থেকে বাবরের ব্যাপারে ইতিবাচক তথ্য দেয়া হয়েছে। দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে সরফরাজ জানিয়েছেন দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুত আছেন বাবর। তাকে নিয়ে কোনো শঙ্কা নেই।

সরফরাজ বলেন, 'বাবর আজম খেলার জন্য প্রস্তুত। আর দ্বিতীয়ত, রিজওয়ান একজন অসাধারণ উইকেটকিপার। অনেক সময় পর যখন আপনি কোনো সংস্করণে খেলেন তখন এমনটা হতে পারে। তবে আমার বিশ্বাস সে ব্যাটিং ও কিপিং দিয়ে পাকিস্তানের জন্য ভালো করবে। একাদশ আমরা ভেবে রেখেছি, কাল জানতে পারবেন। আর বৃষ্টির কারণে ম্যাচ ছোট হলে দলে কিছু পরিবর্তন হতে পারে।'

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। সেই সিদ্ধান্তই কাল হয়েছে সফরকারী দলটির। ম্যাচ হারলেও সরফরাজ মনে করেন তাদের সিদ্ধান্ত সঠিকই ছিল। তবে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী পাকিস্তান। ভালো খেলেই তার দলের ঘুরে দাঁড়ানো সম্ভব বলে বিশ্বাস করেন সরফরাজ।

তিনি যোগ করেন, 'আমি মনে করি আমাদের সিদ্ধান্ত ভালো ছিল, আমরা ভালো টস জিতেছিলাম। তবে আমাদের আরও নিয়মনিষ্ঠ হতে হবে। টেস্ট ক্রিকেটে যে দল যত বেশি শৃঙ্খলা বজায় রাখবে তারাই ভালো করবে। আশা করি ধারাবাহিকতা বজায় রাখলে ফলাফল ভালো আসবে ইনশাআল্লাহ।'

ভালো না খেললে সমালোচনাও সহ্য করতে রাজি সরফরাজ। তিনি বলেন, ' নিশ্চিতভাবেই আমরা সবাই জানি যদি আমরা ভালো ক্রিকেট না খেলি তবে সমালোচনা হবেই। তাই আমরা সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য হলো পরবর্তী ম্যাচ খেলা এবং আশা করি আমার অধিনায়ক ও পুরো দল পরবর্তী ম্যাচগুলোতে ভালো ক্রিকেট খেলবে ইনশাআল্লাহ।'

আরো পড়ুন: