পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ব্যাট হাতে ছন্দে ছিলেন বাবর। পেশোয়ার জালমির হয়ে শিরোপা জেতার পাশাপাশি পেশোয়ারের জার্সিতে ১১ ইনিংসে ৭৩.০২ গড় ও ১৪৫.৯০ স্ট্রাইক রেটে ৫৮৮ রান করেছিলেন। দুই সেঞ্চুরির সঙ্গে তিনটি হাফ সেঞ্চুরিও করেছিলেন তিনি। এমন ছন্দে থাকা ব্যাটারকে প্রথম টেস্টে পায়নি সফরকারীরা।
ঢাকা টেস্ট শুরুর আগে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন বাবর। সেই চোটে খেলা হয়নি ডানহাতি ব্যাটারের। তবে চোট কাটিয়ে দ্বিতীয় টেস্টে ফিরতে যাচ্ছেন তিনি। জানা গেছে, বাবরকে জায়গা দিতে একাদশের বাইরে রাখা হতে পারে ইমাম উল হককে। প্রথম ইনিংসে ৭২ বলে ৪৫ রান করেছিলেন বাঁহাতি এই ওপেনার। তবে দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ২ রানে।
ইমামকে বাদ দেওয়া হলে আজান আওয়াইসের সঙ্গে ওপেনিং করতে পারেন অধিনায়ক শান মাসুদ। তিনে আব্দুল্লাহ ফজল ও চারে দেখা যেতে পারে বাবরকে। পেস বোলিংয়ে একটি পরিবর্তন আনার কথা ভাবছে পাকিস্তান। প্রথম ইনিংসে তিনটি এবং দ্বিতীয় ইনিংসে দুইটি উইকেট নিয়েছিলেন শাহীন আফ্রিদি।
বোলিংয়ের পাশাপাশি বাঁহাতি পেসারের গতি নিয়ে সমালোচনা করেছেন রমিজ রাজা, বাসিত আলী, আহমেদ শেহজাদের মতো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। জিও সুপারের মতে, সিলেট টেস্টের একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন শাহীন আফ্রিদি। তার জায়গায় একাদশে দেখা যেতে পারে খুররম শাহজাদকে।
পাকিস্তানের মতো বাংলাদেশের একাদশেও পরিবর্তন আসতে যাচ্ছে। চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন সাদমান ইসলাম। বাঁহাতি ওপেনারের জায়গায় স্কোয়াডে সুযোগ পেয়েছেন জাকির হাসান। এ ছাড়া ওপেনার হিসেবে আছেন মাহমুদুল হাসান জয় ও তানজিদ হাসান তামিম। গুঞ্জন আছে, টেস্ট অভিষেক হয়ে যেতে পারে তানজিদের।