অধিনায়ক হিসেবে নিজের প্রথম বড় অ্যাসাইনমেন্টে ভারতকে বিশ্বকাপ জেতালেও সূর্যকুমারকে দীর্ঘমেয়াদে আর অধিনায়ক করার কথা ভাবছে না ভারত। ৩৫ বছর বয়সী এই ব্যাটার এখনও বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটার, আছেন ব্যাটারদের র্যাঙ্কিংয়ের সাত নম্বরে। তবুও আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা এবং গত দুটি আইপিএলেই অধিনায়ক হিসেবে ফাইনাল খেলা আইয়ারকেই ভারতের জন্য সবচেয়ে যোগ্য বিকল্প ভাবা হচ্ছে।
বিসিসিআইয়ের একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে বলেছে, 'আইয়ার ২০২৩ সালে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন। সে বর্তমান দলের সদস্যও নয়। তাই তাকে দলে ফিরিয়ে এনে সরাসরি অধিনায়কত্ব তুলে দেয়াটা একটি বড় সিদ্ধান্ত হবে।'
বর্তমানে ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন আইয়ার। আপাতত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়েই বেশি ভাবছে ভারত। তাই এখনই আইয়ারকে অধিনায়ক করার ঘোষণা না দিয়ে আরেকটু সময় নিতে চাচ্ছে বিসিসিআই।
চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন আইয়ার। মাত্র চার ম্যাচেই তিন হাফ-সেঞ্চুরিসহ করেছেন ২০৩ রান। তার নেতৃত্বে পাঞ্জাব কিংসও আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। এর গত আসরে পাঞ্জাবকে আইপিএলের প্রথম শিরোপা জেতানোর খুব কাছাকাছি নিয়ে গিয়েছিলেন আইয়ার। ফাইনালের শেষ ওভারে হেরে স্বপ্নভঙ্গ হবার আগে সেই আসরে অপ্রতিরোধ্য ছিলো আইয়ারের দল।
এর আগের আসরে কলকাতা নাইট রাইডার্সকে তাদের তৃতীয় আইপিএল শিরোপাও জেতান আইয়ার। তাই অধিনায়ক হিসেবে বেশ সুনাম আছে এই ব্যাটারের। সাথে ব্যাট হাতে দুর্দান্ত ফর্ম তাকে ভারতের অধিনায়ক হবার বিবেচনায় সবার উপরেই রেখেছে।