প্রিমিয়ার লিগের গত আসরেও লিটনের খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে শেষ মুহূর্তে তাকে দলে নেয় তামিম ইকবালের গুলশান ক্রিকেট ক্লাব। এ ছাড়া মিরাজ খেলেছেন মোহামেডানের হয়ে। এবার দুজনই নতুন দলের হয়ে খেলবেন।
দল পেয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে লিটন বলেন, 'সত্যি বলতে মিরাজের সঙ্গে আগে খেলিনি লিগে। জাতীয় দলে তো অনেক খেলেছি, কিন্তু ঢাকা লিগে মিরাজের সঙ্গে প্রথম খেলব। খেলার পর বলতে পারব (রোমাঞ্চ কাজ করছে কিনা)।'
তিনি আরও যোগ করেন, 'বাদল ভাইকে আগে থেকেই চিনি, উনি সব সময় ভালো দল বানানোর চেষ্টা করেন। সিনিয়র ক্রিকেটার হিসেবে তো আমাদের চেষ্টা থাকেই। যে কয়টা ম্যাচ সুযোগ পাবো, চেষ্টা করবো ক্লাবকে কীভাবে সাহায্য করা যায়।'
গত আসরের পরই সব ক্রিকেটারকে ছেড়ে দিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। ফলে এবার দল গোছাতেই হিমশিম খেতে হচ্ছে দলটিকে। তাই এবারের প্রিমিয়ার লিগে না খেলার সিদ্ধান্তই নিয়েছিলেন রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল। তবে বিসিবি সভাপতি তামিম ইকবাল ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুরোধেই তিনি প্রিমিয়ার লিগে খেলছে তার দল।
তিনি এ প্রসঙ্গে বলেন, 'ক্রীড়া প্রতিমন্ত্রী এবং তামিম ইকবালের অনুরোধেই এসেছি। আশা করি দুই আইকন (মিরাজ ও লিটন) নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে থাকব। লিটন, মিরাজরা চলে গেলে জাতীয় দলের আরো যেসব খেলোয়াড় আছে ওদের কেউ অধিনায়কত্ব করবে। ওরা (লিটন ও মিরাজ) নিজেরাই ঠিক করে নেবে কে অধিনায়ক হবে (হাসি)।'
এদিকে প্রথমবারের মতো রূপগঞ্জের হয়ে খেলছেন মিরাজ। জাতীয় দলের ব্যস্ততার কারণে পুরো আসরে খেলতে পারবেন না তিনি। তবে যে কয়টি ম্যাচে সুযোগ পাবেন কাজে লাগাতে চান তিনি। দল নিয়েও দারুণ খুশি তিনি। তিনিও আশাবাদী তার দল এবারের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হবে।
তিনি বলেন, 'প্রথমবার লিজেন্ডস অফ রূপগঞ্জে খেলছি, ক্লাব ক্রিকেটে বাদল ভাইয়ের অবদান অনেক। তার দলে জাতীয় দলের অনেকেই খেলেছে। দল অনেক ভালো হয়েছে, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। জাতীয় দলে তো একসাথে অনেক খেলেছি, কিন্তু ক্লাব ক্রিকেটটা আলাদা। এখানে মানিয়ে নেয়ার বিষয় থাকে। বন্ডিং ঠিক থেকে খেলতে পারলে আমরা (রূপগঞ্জ) চ্যাম্পিয়ন হবো।'