রুবেলের আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল ১২ বছরের। এই সময়ে তিন সংস্করণ মিলিয়ে তিনি শিকার করেছেন ১৯৩টি উইকেট। দেশের ক্রিকেটে দীর্ঘ সময় ধরে অবদান রাখা এই পেসারকে সোমবার মিরপুরের শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বিশেষ সম্মাননা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। গত কয়েক বছর ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন রুবেল। পারফরম্যান্স এবং প্রতিযোগিতার কারণে জাতীয় দলে ফেরার সম্ভাবনাও ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
যদিও ঘরোয়া ক্রিকেটে মাঝে মধ্যে দেখা গেছে তাকে। ২০২৪ সালের এপ্রিলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন তিনি। এরপর প্রায় ১০ মাস পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্সের হয়ে একটি ম্যাচে অংশ নেন। তবে চলতি বছরে ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো দলে জায়গা পাননি রুবেল।
এক বছরের বেশি সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন এই পেসার। জাতীয় দলের জার্সিতে তার শেষ উপস্থিতিও বেশ পুরোনো। ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন রুবেল। ২০২১ সালের মার্চে খেলেন শেষ ওয়ানডে এবং একই বছরের এপ্রিলে নিউজিল্যান্ড সফরে খেলেন শেষ টি টোয়েন্টি ম্যাচ।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। তবে আন্তর্জাতিক অঙ্গন ছাড়লেও পুরোপুরি ক্রিকেট থেকে সরে যাচ্ছেন না রুবেল। ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন এই অভিজ্ঞ পেসার।