বিশ্বকাপের পারফরম্যান্সে মার্চ মাসের সেরা স্যামসন

প্লেয়ার অব দ্য মান্থ
ভারতের জার্সিতে সাঞ্জু স্যামসন
ভারতের জার্সিতে সাঞ্জু স্যামসন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্চ মাসের প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন ভারতের সাঞ্জু স্যামসন। তিনি পেছনে ফেলেছেন স্বদেশী জাসপ্রিত বুমরাহ ও প্রোটিয়া ক্রিকেটার কনর এস্টারহুইজেনকে। বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ছিলেন সাঞ্জু স্যামসন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে একাদশে না থাকলেও শেষদিকে সুযোগ পেয়ে বিশ্বমঞ্চে নিজেকে নতুন করে চিনিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এবার তিনি জিতলেন মাসসেরার পুরস্কার। এই সম্মাননা পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে স্যামসন জানিয়েছেন তার ক্যারিয়ারে এই অর্জন বিশেষ গুরুত্ব বহন করবে।

তিনি বলেন, ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জেতা সত্যিই অসাধারণ এক অনুভূতি, বিশেষ করে এটি এমন এক সময়ে এসেছে, যা আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ে ভূমিকা রাখতে পারা ছিল স্বপ্ন পূরণের মতো, আর সেই মুহূর্তের গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করতে কিছুটা সময় লেগেছে।

এই উইকেটরক্ষক ব্যাটার আরও যোগ করেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য এটি একটি রোমাঞ্চকর সময়, যেখানে প্রতিভার কোনো অভাব নেই। আমি যে সুযোগগুলো পেয়েছি তার জন্য কৃতজ্ঞ, আর সতীর্থ ও কোচিং স্টাফদের বিশ্বাস ও সমর্থনই আমাকে সেরাটা দিতে সাহায্য করেছে।’

সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে অপরাজিত ৯৭ রান করার পর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেন ৮৯। একই স্কোর করেন ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও। তার এই ধারাবাহিকতা ভারতকে শিরোপা ধরে রাখতে সাহায্য করার পাশাপাশি তাকে এনে দেয় টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার।

মার্চে খেলা তিনটি টি-টোয়েন্টিতে স্যামসন করেছেন ২৭৫ রান, গড় ১৩৭.৫০ এবং স্ট্রাইক রেট ১৯৯.২৭। এই বৈশ্বিক আসরে তার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি টানা দুটি ম্যাচসেরা পুরস্কার জেতেন এবং টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের সেরা ২০ এর মধ্যে জায়গা করে নেন স্যামসন।

আরো পড়ুন: