সূর্যবংশীর গোল্ডেন ডাক, ‘তত্ত্ব’ সঠিক প্রমাণিত হওয়ায় খুশি ইরফান

আইপিএল
ইরফান পাঠান ও বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
ইরফান পাঠান ও বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন বৈভব সূর্যবংশী। প্রতি ম্যাচেই ধ্বংসাত্বক সব ইনিংস খেলে একাই ঘুরিয়ে দিচ্ছেন ম্যাচের মোড়। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে এসে থামতে হলো দুর্দান্ত ফর্মে থাকা এই ওপেনারকে। হায়দরাবাদের অভিষিক্ত পেসার প্রফুল হিঞ্জের বলে শূন্য রানে আউট রাজস্থানের এই 'সেনসেশন'। আর তাতেই যেন ঠিক প্রমাণিত হলো সূর্যবংশীকে নিয়ে ভারতের সাবেক পেসার ইরফান পাঠানের সেই 'তত্ত্ব'।

গত ১০ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যবংশী। সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ইরফান লিখেছিলেন, সূর্যবংশী ইচ্ছে করেই বড় বড় বোলারদের তার আক্রমণের লক্ষ্যবস্তু বানায়। এর আগে জসপ্রীত বুমরাহর মতো বোলারকে একই ওভারে দুই ছক্কা মারেন সূর্যবংশী। বেঙ্গালুরুর বিপক্ষে জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমারদের মত পেসারদের ওপরও বইয়েছিলেন ঝড়।

‎হায়দরাবাদের হয়ে এদিন নিজের আইপিএল ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন প্রফুল। ইনিংসের প্রথম ওভারে বল হাতে নিয়েই সবাইকে রীতিমতো স্তব্ধ করে দেন তিনি। সূর্যবংশীকে 'গোল্ডেন ডাক'-এর শিকার করে ফেরানোর পর সেই ওভারেই ফেরান রাজস্থানের টপ অর্ডারের আরো দুই ব্যাটার ধ্রুব জুরেল ও হুয়ান ড্রে প্রিটোরিয়াসকে। বেশি করে নজরে আসেন আসরের এখন পর্যন্ত সেরা ব্যাটার সূর্যবংশীকে ফিরিয়ে।

‎বুমরাহ, হ্যাজেলউডদের মত বোলাররা যা পারেননি, সেটিই করে দেখিয়েছেন তরুণ পেসার প্রফুল। আর এতেই নিজের 'তত্ত্ব' সঠিক প্রমাণিত হয়েছে বলে দাবী করেছেন ইরফান। ম্যাচের পর এক্স-এ আরেকটি পোস্ট করে ইরফান লিখেন, 'বৈভব সূর্যবংশীকে নিয়ে আমার তত্ত্ব তাহলে ভুল নয়।'।

‎এখন পর্যন্ত আইপিএলের এবারের আসরে পাঁচ ম্যাচ খেলে ২০০ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক সূর্যবংশী। এর মাঝে দুটি ফিফটিও। দুর্দান্ত এই ফর্মের কারণে ইতোমধ্যেই জাতীয় দলের জন্য ভাবা হচ্ছে তাকে। আইপিএলের পরপরই আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আছে ভারতের। সেখানে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেবার কথা ভাবছেন নির্বাচকরা। সেটি হলে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয়ে যেতে পারে এই বিস্ময় বালকের।

আরো পড়ুন: