আইসিসিতে যাচ্ছে বিসিবি নির্বাচনের তদন্ত প্রতিবেদন

বিসিবি নির্বাচন
নাজমুল আবেদীন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল
নাজমুল আবেদীন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হওয়া বিসিবি নির্বাচনের অনিয়মের অভিযোগ রয়েছে শুরু থেকেই। এই অনিয়মের কারণে দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলো নির্বাচন থেকেও সরে দাঁড়িয়েছিল। এরপর তাদের ছাড়াই একপাক্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের নতুন সরকার নির্বাচিত হওয়ার পর থেকেই গুঞ্জন ছিল এই নির্বাচন নিয়ে তদন্ত হতে পারে।

হয়েছেও তাই। ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরই বিসিবি নির্বাচন তদন্তের ঘোষণা দেন আমিনুল হক। এরই মধ্যে ৫ সদস্যের কমিটি রিপোর্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে। সেই রিপোর্ট এবার আইসিসির কাছে পাঠাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন আমিনুল হক নিজেই।

তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, 'দেখুন—ইতোমধ্যে সকালবেলা তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন (জমা ) দিয়ে গেছে। দেওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে আন্তঃমন্ত্রণালয়ের একটা সভা ডেকেছিলাম। সেই সভায় আমরা আলাপ-আলোচনা করেছি। আইসিসিকে তদন্ত প্রতিবেদন সম্পর্কে অবগত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব, ইনশাআল্লাহ।'

এদিকে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে তদন্তের স্বার্থে তলব করা হলেও তিনি সেই ডাকে সাড়া দেননি। উল্টো এই তদন্তের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও একাধিক স্ট্যাটাস দিয়েছেন তিনি। আপাতত এগুলো নিয়ে মন্তব্য না করলেও আইসিসির সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছেন আমিনুল হক।

তিনি বলেন, 'দেখুন— ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা হয়েছে। সুতরাং তিনি অংশগ্রহণ করেননি নিশ্চই সেই প্রতিবেদনের ভেতরে রয়েছে। আমরা সেটি যাচাই-বাচাই করেছি যে তিনি উপস্থিত হননি, সেটা আমিও দেখেছি। আমরা আইসিসির সঙ্গে কথা বলে তারপর পরবর্তী সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।'

আসিফ মাহমুদের স্ট্যাটাস নিয়ে তিনি আরও যোগ করেন, 'আমি কিছুই জানি না এটা সম্পর্কে। ফেসবুকে তো আসলে সত্য কথাও দেখি আবার মিথ্যা কথাও দেখি। সুতরাং তিনি সত্য বলেছেন কী মিথ্যা বলেছেন এটা আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আপনারাই এটা যাচাই করে নেন যে তার ফেসবুক স্ট্যাটাসে যেই কথাগুলো বলেছেন সেটার কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা।'

আরো পড়ুন: