গত ডিসেম্বরে হওয়া আইপিএল নিলামে দল পাননি মুজারাবানি। পিএসএলেও ডানহাতি পেসারকে দিলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলাকালীন পেসারদের চোটে কপাল খুলে তার। শামার জোসেফ চোট থেকে সেরে উঠতে না পারায় পিএসএলে সুযোগ মেলে মুজারাবানি। জিম্বাবুয়ের পেসারকে দলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড।
যদিও পিএসএল শুরুর দুই সপ্তাহ আগে পিএসএল থেকে নিজেকে সরিয়ে নেন মুজারাবানি। মূলত মুস্তাফিজুর রহমান বদলি হিসেবে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের অফার পেতেই পিএসএলকে না করে দেন ডানহাতি এই পেসার। ইসলামাবাদের সাথে চুক্তির শর্ত ভঙ্গ করায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন মহসিন নাকভি।
এক বিবৃতিতে পিএসএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ফ্র্যাঞ্চাইজি লিগের পেশাদারিত্ব বজায় রাখতে এতে অংশগ্রহণ করা সকলের স্বচ্ছতা ও ধারাবাহিকতা রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। আগের কোনো বাধ্যতামূলক চুক্তি বহাল থাকা অবস্থায় অন্য কোনো লিগে সম্পৃক্ত হওয়া প্রত্যাশিত মানদণ্ডের সম্পূর্ণ বিপরীত। এ ধরনের আচরণকে মেনে নেয়া হলে চুক্তির নির্ভরযোগ্যতা এবং ফ্র্যাঞ্চাইজি, নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পারিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়।
এই অপরাধের গুরুত্ব বিবেচনায় নিয়েই দুই বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।’
কলকাতার জার্সি গায়ে এবারই আইপিএলে অভিষেক হয়েছে জিম্বাবুইয়ান এই পেসারের। এর আগে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে থাকলেও মাঠে নামা হয়নি তার। কলকাতার হয়ে অভিষেকটা ভালো না হলেও নিজের দ্বিতীয় ম্যাচে ৪১ রানে চার উইকেট শিকার করেছেন তিনি। মূল একাদশের প্রায় সব পেসারের ইনজুরিজনিত সমস্যার কারণে বর্তমানে কলকাতার প্রধান পেসারের ভূমিকা পালন করতে হচ্ছে মুজারাবানিকেই।