২ বছরের জন্য নিষিদ্ধ হতেন নাসিম, বাঁচিয়েছেন নাকভি

পাকিস্তান ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারতেন নাসিম শাহ! নিঃশর্ত ক্ষমা চাওয়া ডানহাতি পেসার পার পেয়ে গেছেন জরিমানাতে। বাসিত আলী জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির চাওয়ায় ক্রিকেট ক্যারিয়ার বেঁচে গেছে নাসিমের।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম। অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজির মালিক ও খেলোয়াড়দের সঙ্গে মরিয়মকে পরিচয় করিয়ে দেন নাকভি। সেই দৃশ্যের ভিডিও নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করেন নাসিম। ক্যাপশনে লেখেন, ‘তাকে কেন লর্ডসের রানির মতো সম্মান করা হচ্ছে?’এমন পোস্টের পর পাকিস্তানের তারকা পেসারকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কেউ নাসিমের পক্ষে বলছেন আবার কেউ কেউ তাকে সমালোচনায় বিদ্ধ করছেন।

যদিও নাসিম পরবর্তীতে জানিয়েছেন তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। পাশাপাশি নিঃশর্ত ক্ষমাও চান। যদিও তাকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে পিসিবি। বাসিত জানিয়েছেন, তদন্ত কমিটি নাসিমকে দুই বছর নিষিদ্ধ করা সুপারিশ করেছিল। তবে তাদের সঙ্গে একমত না হয়ে শুধুমাত্র আর্থিক জরিমানার পরামর্শ দেন নাকভি। পিসিবি চেয়ারম্যানের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাসিত।

এ প্রসঙ্গে বাসিত বলেন, ‘নাসিম শাহ খুবই ভাগ্যবান। ভেতরের খবরটা আপনাদের বলি। তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার কথা ছিল; কমিটি সেই সুপারিশ করেছিল। এর (নিষিদ্ধ না করার) কৃতিত্ব চেয়ারম্যান মহসিন নাকভির। তিনি তাদের নাসিম শাহকে দুই বছরের জন্য নিষিদ্ধ না করে শুধু আর্থিক জরিমানা করতে বলেন।’

‘নাকভি বলেন যে, এটা তার (নাসিম) ভবিষ্যতের বিষয়। নাসিম অর্থটা দিতে পারবে, কারণ সে পিএসএল ও অন্যান্য লিগে খেলে। নাকভি কমিটিকে বলেন যে, কারও ক্যারিয়ার নিয়ে খেলা উচিত নয়। এটা মহসিন নাকভির একটি ভালো সিদ্ধান্ত।’

নাসিমের বিতর্কিত কান্ডকে ঘিরে খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত নীতি সংশোধন করেছে পিসিবি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, খেলোয়াড় ও টিম ম্যানেজারকে পিসিবির নতুন এই নীতি কঠোর নীতির কথা জানানো হয়েছে। ক্রিকেটারদের কোনো প্রকার রাজনৈতিক পোস্টই কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না পিসিবির কাছে।

যেকোনো বিতর্কিত পোস্টের জন্য অন্তত এক কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে ক্রিকেটারদের। সেই ঘটনাকে কেন্দ্র করে গঠিত হওয়া তদন্ত কমিটির তদন্তে দেখা যায়, নাসিম তার কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা ও সামাজিক যোগাযোগ মাধ্যম নীতিমালা লঙ্ঘন করেছেন। নাসিমের ঘটনা বাকিদের জন্য একটা সতর্কবার্তা বটে।

আরো পড়ুন: