পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের উপস্থিতি নিয়ে করা এক মন্তব্যের জেরে তাকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। বিষয়টি দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।
ওই অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করে নাসিম লিখেছিলেন, 'তাঁকে কেন লর্ডসের রানির মতো সম্মান করা হচ্ছে?'
এই মন্তব্যই মূলত বিতর্কের সূত্রপাত করে এবং পরবর্তীতে তার জন্য বড় শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের প্রভাব পড়েছে পাকিস্তানের জ্বালানি খাতে। এই সংকটের কারণে লিগের ম্যাচগুলোতে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
ছয়টি ভেন্যুর বদলে এখন কেবল লাহোর ও করাচিতেই আয়োজন সীমিত রাখা হয়েছে। দর্শকশূন্য গাদ্দাফি স্টেডিয়ামে বিশাল বহর নিয়ে উপস্থিত হয়েছিলেন মরিয়ম নেওয়াজ। উদ্বোধনী ম্যাচের দুই দল লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গেও তাকে পরিচয় করিয়ে দেয়া হয়।
সেই মুহূর্তের ভিডিও থেকেই নিজের মন্তব্যটি করেছিলেন নাসিম। পরে অবশ্য তা দ্রুত মুছে ফেলে নাসিম দাবি করেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কারণ দর্শানোর নোটিশের জবাবে নিঃশর্ত ক্ষমা চান নাসিম শাহ।
তবে তাতেও শেষ রক্ষা হয়নি। এক বিবৃতিতে বোর্ড জানায়, 'কেন্দ্রীয় চুক্তির বেশ কিছু ধারা ভঙ্গ করেছেন নাসিম। তার সামাজিক যোগাযোগমাধ্যমের উপদেষ্টাকে বরখাস্ত করা হয়েছে এবং বোর্ডের অধীন কোনো খেলোয়াড়ের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি।'
পাকিস্তানের ক্রিকেটে এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের পক্ষে স্লোগান দেয়ায় অলরাউন্ডার আমির জামালকেও জরিমানা করা হয়েছিল। আন্তর্জাতিক অঙ্গনে এখন পর্যন্ত ২০টি টেস্ট, ৩৪টি একদিনের এবং ৩৭টি টি-টুয়েন্টি ম্যাচে অংশ নিয়ে তিন সংস্করণ মিলিয়ে ১৫২টি উইকেট নিয়েছেন নাসিম শাহ।