কেউই বেঞ্চে বসে থাকতে চায় না: অর্জুন টেন্ডুলকার

আইপিএল
মুম্বাইয়ের জার্সিতে অর্জুন টেন্ডুলকার
মুম্বাইয়ের জার্সিতে অর্জুন টেন্ডুলকার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচ মৌসুম মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন অর্জুন টেন্ডুলকার। এবার শচিন টেন্ডুলকার পুত্র নাম লিখিয়েছেন নতুন দলে। তিনি খেলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। মুম্বাইয়ের হয়ে সব মিলিয়ে মাত্র পাঁচটি ম্যাচে খেলার সুযোগ হয়েছে অর্জুনের। তাই আক্ষেপ করেছেন তিনি।

নতুন ফ্র্যাঞ্চাইজিতে এখনো অভিষেক না হলেও, মুম্বাইয়ের তুলনায় বেশি সুযোগ পাওয়ার প্রত্যাশা করছেন এই পেস বোলিং অলরাউন্ডার। অর্জুন সম্প্রতি হাজির হয়েছিলেন শুভঙ্কর মিশ্রর পডকাস্টে। সেখানেই ক্যারিয়ারের নানা দিক নিয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথাও।

তাকে জিজ্ঞেস করা হয়েছিল, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন এবং ভালো বোলিং করেছেন, সুইংও ভালো ছিল, তাই কি মনে হয়েছে আরও সুযোগ পাওয়া উচিত ছিল? জবাবে অর্জুন বলেন, 'এটা কে না মনে করে? বেঞ্চে বসে থাকতে কেউ চায় না। তবে আমরা কঠোর পরিশ্রম করতে চাই এবং সুযোগ পেলে ভালো পারফর্ম করতে চাই।'

আইপিএলের বহুল আলোচিত ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়েও নিজের মতামত জানিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে অনেক ভারতীয় ক্রিকেটার এই নিয়মের সমালোচনা করেছেন। অর্জুনও সেই মতের সঙ্গে একমত পোষণ করে বলেছেন, ক্রিকেট ১১ জনের খেলা এবং সেটাই থাকা উচিত।

ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের সমালোচনা করে অর্জুন যোগ করেন, '১১ জন বেছে নিন এবং খেলুন। কারণ আন্তর্জাতিক টি-টোয়েন্টি বা অন্য কোনো লিগে ইমপ্যাক্ট প্লেয়ার নেই। তাই আমি ব্যক্তিগতভাবে এই নিয়মের বিপক্ষে।'

নিজ দল লক্ষ্ণৌ নিয়েও খোলামেলা আলোচনা করেছেন অর্জুন। জানিয়েছেন তাদের দলের টপ অর্ডার বেশ শক্তিশালী। এবারের আইপিএলে দলটির ভালো করার সম্ভাবনাও বেশ বেশি। এই মুহূর্তে অর্জুনের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। তবে ৬, ৭ বা ৮ নম্বরে ব্যাট করার সুযোগ পেলে নিজের সামর্থ্য দেখানোর অপেক্ষায় আছেন তিনি।

দলের শক্তিমত্তা নিয়ে অর্জুন যোগ করেন, 'আমাদের মিডল অর্ডারও বেশ শক্তিশালী। টি-টোয়েন্টি এমন একটি খেলা যেখানে যেকোনো দল যেকোনো দলকে হারাতে পারে। তাই আমি মনে করি এই টুর্নামেন্টে আমাদের ভালো করার সম্ভাবনা উজ্জ্বল।'

আরো পড়ুন: