আইপিএলের গত আসরের মেগা নিলামে দুই কোটি ৪০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছিলেন জাম্পা। এর আগে আইপিএলে চারটি মৌসুমে খেলা জাম্পার জন্য সেটিই ছিলো সর্বোচ্চ পারিশ্রমিক। কিন্তু এবারের আইপিএলের নিলামে ছিলো না জাম্পার নাম। এর কারণ হিসেবে জাম্পা জানান, পরের মৌসুমের জন্য হায়দরাবাদের প্রস্তাবিত পারিশ্রমিক নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি।
একটি পডকাস্টে জাম্পা বলেন, 'আমি এ বছর আইপিএল থেকে সরে দাঁড়িয়েছি। খোলাখুলি বলতে গেলে, আমার মতো দক্ষতাসম্পন্ন খেলোয়াড়দের এখানে অন্য খেলোয়াড়দের মতো অর্থ দেয়া হয় না। আর আইপিএলে যে পরিমাণ সময় দিতে হয়, সেটা বিবেচনায় নিলে আমার জন্য এটা চালিয়ে যাওয়া যুক্তিসঙ্গত মনে হয়নি।'
আইপিএলে নাম না লিখিয়ে একই সময় অনুষ্ঠিত পিএসএলের নিলামে নাম দেন জাম্পা। সেখানে সাড়ে চার কোটি পাকিস্তানি রুপিতে জাম্পাকে দলে ভেড়ায় করাচি কিংস। পিএসএলে জাম্পার এই পারিশ্রমিক ভারতীয় রুপি দেড় কোটির কিছুটা বেশি।
যা আইপিএলের আগের বছরের পারিশ্রমিকের চেয়েও কম। তবে এক্ষেত্রে জাম্পা বিবেচনায় নিয়েছেন আইপিএলের দীর্ঘ সূচীকে। বর্তমানে পিএসএলে ব্যস্ত থাকা জাম্পা জানিয়েছেন, করাচির হয়ে খেলাটা দারুণ উপভোগ করছেন তিনি।
জাম্পা যোগ করেন, 'আমি আসলে একটু বিরতি নিতে চেয়েছিলাম, কিন্তু প্রায় এক মাস আগে পিএসএল আমার নজরে আসে। সবকিছু খুব দ্রুতই হয়ে গেছে, তবে আমি এটি উপভোগ করছি।'