চলতি বছরের জুলাইয়ে ভারতের জিম্বাবুয়ে সফর নিশ্চিতই ছিল। এবার সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে। সূচি অনুযায়ী হারারে স্পোর্টস ক্লাব মাঠে ২৩, ২৫ এবং ২৫ জুলাই হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০২৪ সালের পর এবারই প্রথম জিম্বাবুয়ে সফর করবে ভারত।
সেবার শুভমান গিলের নেতৃত্বে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল তারা। সেই সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে হেরেছিল ভারত। যদিও শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল গিলের দল। আবারও তাদেরকে আতিথেয়তা দেওয়ার সুযোগ পাওয়ায় খুশি গিভমোর ম্যাকোনি।
জিম্বাবুয়ের ম্যানেজিং ডিরেক্টর বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচগুলো সবসময়ই ব্যাপক আগ্রহ তৈরি করে এবং ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের পরখ করে নেওয়ার জন্য এটি আমাদের খেলোয়াড়দের জন্য এক দারুণ সুযোগ।’
আগামী বছর ভারত সফরে যাবে জিম্বাবুয়ে। কদিন আগে ২০২৬-২৭ মৌসুমের সূচি প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ৩, ৬ ও ৯ জানুয়ারি কলকাতা, হায়দরাবাদ এবং মুম্বাইয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন সিকান্দার রাজারা।