বিশেষ করে সুপার এইটের ম্যাচে তারা যদি ওয়েস্ট ইন্ডিজকে জিততে দিত তাহলে টুর্নামেন্ট থেকেই বিদায় হয়ে যেত চ্যাম্পিয়ন ভারতের। ফলে এই জায়গায় তারা বোকার মতো কাজ করেছে বলে মনে করেন ভন। সুপার এইটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারায় প্রোটিয়ারা। একই দিনে জিম্বাবুয়েকে হারিয়ে ভারত সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখে। সাউথ আফ্রিকা হারলেই ভারতের সব আশা শেষ হয়ে যেত বলে মনে করেন তিনি।
ভন ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে বলেন, 'আমি বলছি, এই টুর্নামেন্টের সবচেয়ে বোকা দল কারা জানেন? সাউথ আফ্রিকা। কারণ সুপার এইটে যদি তারা ওয়েস্ট ইন্ডিজকে জিততে দিত, তাহলে ভারত টুর্নামেন্ট থেকেই ছিটকে যেত। আমি শুধু বলছি, তারা যদি তখনই থামিয়ে দিত, তাহলে সেটা সেখানেই থেমে যেত।'
তিনি যোগ করেন, 'ওই ম্যাচ জিতে তারা আসলে সেই জয়রথটা এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এরপর ভারত জিম্বাবুয়েকে হারায়, তারপর ওয়েস্ট ইন্ডিজকে এক ধরনের কোয়ার্টার ফাইনালে হারায়, তারপর ইংল্যান্ডকে। সাউথ আফ্রিকাকে এরপর জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে হয়েছিল এবং সেই ম্যাচে তারা তিনজন খেলোয়াড়কেও বিশ্রাম দিয়েছিল।'
ভনের মতে টুর্নামেন্টের সেরা দলকে শিরোপা জেতা থেকে আটকানোর সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের শুরুতেই বিদায় করে দেয়া। আর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সাউথ আফ্রিকা আসলে ভারতকে টুর্নামেন্টে টিকে থাকার সুযোগ করে দিয়েছে। তাই তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছে বলে ধারণা তার।
এর ব্যাখ্যা দিয়ে ভন বলেন, 'দেখুন, এ ধরনের ঘটনা সাধারণত হওয়া উচিত নয় এবং বেশিরভাগ সময় হয়ও না। আমি শুধু বলছি, আপনি যদি বিশ্বকাপ জিততে চান, তাহলে সবচেয়ে ভালো উপায় হলো সেরা দলকে শুরুতেই বাদ দেওয়া।'
জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটিকে কার্যত কোয়ার্টার ফাইনালে পরিণত করেছিল। সেখানে সাঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রানের ইনিংসে ভর করে সহ-আয়োজক ভারত পাঁচ উইকেটে জয় পেয়ে সেমিফাইনালে ওঠে এবং টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে তারা নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে।