সিয়ার্লেসসহ বাকি দুই টিম অফিসিয়ালের বিরুদ্ধে মূল অভিযোগ বেশ কিছু অনিয়ম নিয়ে। বিম১০ টুর্নামেন্টের ম্যাচের ফলাফল, ম্যাচের অন্য কোনো দিককে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা বা তাতে জড়িত থাকাকে ঘিরে। সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন কাজে উৎসাহিত করা ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগও আনা হয়েছে।
সেই টুর্নামেন্টের দল টাইটান্সের মালিক চিত্রাঞ্জন রাঠোড়ের বিরুদ্ধে সিডব্লিউআই কোডের তিনটি ধারায় অভিযোগ গঠণ করেছে আইসিসি। অন্যদিকে ২০১৮ সালের আইপিএল খেলা ক্রিকেটার সিয়ার্লেসের বিরুদ্ধে চারটি ও আরেক টিম অফিসিয়াল ট্রেভন গ্রিফিথের বিরুদ্ধে সিডব্লিউআই কোডের চারটি ধারার পাশাপাশি আইসিসি দুর্নীতি বিরোধী কোডের একটি ধারায় অভিযোগ আনা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট খেলা না হলেও স্বীকৃত টি-টোয়েন্টিতে মোট ৫৬ ম্যাচ খেলেছেন সিয়ার্লেস। ৬৮০ রানের পাশাপাশি ২৯ উইকেট আছে তার ঝুলিতে। ২০১৮ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইটি ম্যাচও খেলেন এই অলরাউন্ডার। তেমন কিছু করতে না পারায় দুই ম্যাচেই থামে তার আইপিএল যাত্রা।
অভিযোগ গঠনের পর থেকেই এই তিনজনকে অবিলম্বে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। চলতি বছরের ১১ মার্চ থেকে তাদের হাতে অভিযোগের জবাব দেয়ার জন্য ১৪ দিন সময় দেয়া হয়েছে।
এর আগে গত ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সের বিরুদ্ধেও সিডব্লিউআই ও আইসিসির দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল। তদন্ত প্রক্রিয়া চলমান থাকা পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে আইসিসি।