বড় পরাজয়টি অপমানজনক না, তবে সেই অনুভূতিই হচ্ছে: মার্করাম

টি-টোয়েন্টি বিশ্বকাপ
এইডেন মার্করাম, ফাইল ফটো
এইডেন মার্করাম, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি–টোয়েন্টি বিশ্বকাপের আসরে সবচেয়ে ধারাবাহিক দল হিসেবেই সেমিফাইনালে উঠেছিল সাউথ আফ্রিকা। গ্রুপ ও সুপার পর্ব মিলিয়ে টানা সাত ম্যাচ জিতে ফেভারিট হিসেবেই শেষ চারে খেলতে নামে তারা। তবে সেমিফাইনালে নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পর হতাশা লুকাননি অধিনায়ক এইডেন মার্করাম।

প্রথম সেমিফাইনালে বুধবার নিউজিল্যান্ড ৯ উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকাকে। ইডেন গার্ডেন্সে ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। ওপেনার ফিন অ্যালেনের বিস্ফোরক সেঞ্চুরি ম্যাচের গতিপথ একতরফা করে দেয়।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে হতাশা গোপন করেননি মার্করাম। বড় ব্যবধানে হারকে তিনি দলের জন্য কঠিন অভিজ্ঞতা বলেই মনে করেন, 'ভীষণ হতাশ। অনেক বড় পরাজয়। বলব না অপমানজনক, তবে সেই অনুভূতিই হচ্ছে। এই কারণেই আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য দল হিসেবে আরও ভালো হতে হবে।'

ইডেনে টস হেরে ব্যাটিংয়ে নেমেই চাপে পড়ে তারা। দ্বিতীয় ওভারেই জোড়া উইকেট হারানোর পর একসময় ৭৭ রানেই পড়ে যায় পাঁচ উইকেট। প্রথম ছয় ব্যাটারের মধ্যে ত্রিশ ছুঁতে পারেন কেবল একজন। শেষ দিকে সাত নম্বরে নেমে মার্কো জানসেনের ৩০ বলে অপরাজিত ৫৫ রানে ভর করে কোনোমতে ১৬৯ পর্যন্ত পৌঁছায় গত আসরের রানার্সআপরা।

টুর্নামেন্টে আগের সাত ম্যাচের মধ্যে সাউথ আফ্রিকা আহমেদাবাদে খেলেছিল পাঁচটি ম্যাচে। বাকি দুটি দিল্লিতে। ইডেনে শিশির পড়ায় পরে ব্যাটিং সহজ হয়ে যায় বলে মনে করেন মার্করাম। তার মতে, সাউথ আফ্রিকার বোলাররা লড়াই জমাতে পারেননি। লক্ষ্যটাও ছিল তুলনামূলক কম।

'আমরা আশা করেছিলাম উইকেট ভালোই হবে। দেখে বেশ ভালো লাগছিল। তাই ব্যাট হাতে দ্রুত মানিয়ে নেওয়া, থিতু হওয়া এবং ১৯০ রানে পৌঁছানোর চেষ্টা করা, এসব হলে হয়তো ম্যাচে থাকা যেত। অবশ্যই ফল নিয়ে হতাশ। কিন্তু এই দল নিয়ে আমি গর্বিত। তারা পুরো প্রতিযোগিতা জুড়ে সত্যিই ভালো ক্রিকেট খেলেছে। এটা দুর্ভাগ্যজনক একটা সন্ধ্যা।'

আরো পড়ুন: