ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দলগুলোকে দেশে ফেরাতে বিকল্প রুট খুঁজছে টুর্নামেন্ট আয়োজকেরা। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, জিম্বাবুয়ের দল ধাপে ধাপে দেশে ফেরার কথা ছিল। পরিকল্পনা অনুযায়ী, দলের একটি অংশ ভারতীয় সময় সোমবার ভোর সাড়ে চারটায় রওনা হওয়ার কথা ছিল এবং বাকিরা দিনের ফ্লাইট ধরত।
তাদের জন্য এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট বুক করা ছিল। সেই ফ্লাইটে দিল্লি থেকে দুবাই হয়ে হারারেতে ফেরার কথা ছিল জিম্বাবুয়ে দলের। যদিও এখন অন্য এয়ারলাইনস ও বিকল্প রুট বিবেচনা করা হচ্ছে। আপাতত ৪ মার্চ পর্যন্ত দিল্লির হোটেলেই থাকার বুকিং রয়েছে জিম্বাবুয়ে দলের।
দলের ভ্রমণ পরিকল্পনা নিয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে জিম্বাবুয়ের কোচ জাস্টিন স্যামন্স বলেন, 'না, আমি এমন কিছু শুনিনি। আমরা যখন ম্যাচ শুরু করি তখন এ বিষয়ে কিছু ছিল না। এরপর আমরা পুরোপুরি ম্যাচেই মনোযোগ দিয়েছি, তাই এরপর থেকে নতুন কিছু শুনিনি।'
এদিকে শনিবার নিজেদের শেষ সুপার এইট ম্যাচ খেলে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই দেশে ফিরে গেছে। তারা কলম্বো থেকে শ্রীলঙ্কান এয়ারলাইনস এর একটি ফ্লাইটে লাহোরে পৌঁছেছে। শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালালে পাল্টা উত্তেজনা তৈরি হয় অঞ্চলে।
এর জেরে পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের আকাশপথ বন্ধ হয়ে যায়। ফলে ওই অঞ্চলে এবং আন্তর্জাতিকভাবে বিমান চলাচল বড় ধরনের বিঘ্নের মুখে পড়ে। অনেক এয়ারলাইনসকে ফ্লাইট বাতিল করতে হয়েছে বা রুট পরিবর্তন করতে হয়েছে। এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সংশ্লিষ্ট সবার নিরাপত্তা, ভ্রমণ ও লজিস্টিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিস্তৃত বিকল্প পরিকল্পনা চালু করেছে।