বিশ্বকাপে না খেলার হতাশা পাকিস্তান সিরিজে কাটিয়ে উঠতে চান সাইফ

বাংলাদেশ ক্রিকেট
গণমাধ্যমে কথা বলছেন সাইফ হাসান, ক্রিকফ্রেঞ্জি
গণমাধ্যমে কথা বলছেন সাইফ হাসান, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ। নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে যেতে চায়নি বাংলাদেশ। তাই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয় আইসিসি। বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকারের পক্ষ থেকে শুরুতে জানানো হয় এই সিদ্ধান্তটি পুরোপুরি সরকারী।

যদিও কিছুদিন আগেই তখনকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান ক্রিকেটাররা এই সিদ্ধান্ত নিয়েছেন। তার এমন ইউ টার্নে ক্রিকেটার থেকে শুরু করে কোচ ও বিসিবি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। বিশ্বকাপে খেলতে না পারার কারণে দুজন ক্রিকেটার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে দাবি করেছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও।

এরপর বাংলাদেশ দলের অলরাউন্ডার সাইফ হাসান জানিয়েছেন বিশ্বকাপে খেলতে না পারার কারণে দুঃখ পেয়েছেন তিনিও। বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় এই টুর্নামেন্টের কোনো ম্যাচই দেখেননি এই ডানহাতি ব্যাটার।

নতুন করে আজ সাইফ জানালেন, বিশ্বকাপের হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে। এ ছাড়া আইসিসির এই বিশ্ব আসরে খেলতে না পেরে পুরো দলই যে হতাশ হয়েছে, সেটাও জানিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।

বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনাল খেলতে নামার আগের দিন সাইফ বলেন, 'মাথার ভেতরে, হৃদয়ের গহীনে সবাই আসলে মন খারাপ করেছে (বিশ্বকাপ খেলতে না পেরে)। এখানে অস্বীকার করার কিছু নেই।'

'কিন্তু আমার মনে হয় পেশাদার ক্রিকেট প্লেয়ার হিসেবে আমাদের আসলে সামনে এগিয়ে যাওয়াটা খুবই জরুরি। সামনে যেহেতু আমরা ওয়ানডে খেলাতে ঢুকে যাচ্ছি, সামনে ওয়ানডে বিশ্বকাপ আছে, এটার জন্য আমরা যত তাড়াতাড়ি প্রস্তুত হতে পারি তত ভালো।'

এদিকে ৯ এপ্রিল বাংলাদেশে আসছে পাকিস্তান। এই সফরে তিনটি ওয়ানডে খেলবে সালমান আঘার দল। পাকিস্তান সিরিজে নিজের ওপর খুব বেশি প্রত্যাশা রাখছেন না সাইফ। তবে এই সিরিজ দিয়েই বিশ্বকাপ না খেলার হতাশা কাটিয়ে উঠতে চান তিনি।

সাইফ আরো বলেন, 'ওয়ানডে সিরিজে বাড়তি কোনো প্রত্যাশা নেই নিজের উপর। কিন্তু চেষ্টা করব যত ভালো ক্রিকেট খেলা যায়, যত ভালো পর্যায়ে আসা যায়।'

'গত এক-দেড় বছর ওরকম ওয়ানডে খেলার সুযোগ পাইনি। কিছু ওয়ানডে আমরা পেয়েছি তাও টি-টোয়েন্টির মাঝখানে। এখন যেগুলাই ওয়ানডে সিরিজ আছে অবশ্যই প্রস্তুতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে।'

আরো পড়ুন: