মুশফিককে দেশে ফেরাতে ব্যবস্থা নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গতকালই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, মুশফিকের সঙ্গে কথা হয়েছে তার। রাতের একটি বিশেষ ফ্লাইটে মুশফিক দেশে ফিরবেন বলে জানান তিনি।
আজ সকালে ঢাকার হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সেই ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। দেশে ফিরেই যেন হাফ ছাড়েন মুশফিক। বিমানবন্দরে তাকে চিন্তামুক্ত হয়ে বাসার পথ ধরতে দেখা যায়।
একদিন আগে এই ক্রিকেটার নিজেই এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ওমরাহ পালন করতে কয়েকদিন আগেই তিনি মক্কায় গিয়েছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষে তার শনিবারই দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল। তবে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দিয়েও আবার জেদ্দায় ফিরে যেতে হয়েছে তাকে।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি জেদ্দায় ফিরে গেছে বলে জানিয়েছিলেন মুশফিক। এই ক্রিকেটারের সঙ্গে সেখানে আরও অনেক বাংলাদেশি আটকা পড়েছেন। কবে আবারও বাংলাদেশে ফিরতে পারবেন তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এই তারকা ক্রিকেটার।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ অঞ্চলটির বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।