অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের প্রথম ওভারে বোলিং করার সময় চোট পেয়েছিলেন পাথিরানা। সেদিন মাত্র চারটি ডেলিভারি করেই মাঠ ছেড়েছিলেন ডানহাতি তারকা পেসার। তখন থেকেই তাঁর ছিটকে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল।
পরবর্তীতে স্ক্যানে পাথিরানার পায়ের পেশিতে চিড় ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহ তিনেক মাঠের বাইরে থাকতে হবে তাকে। শ্রীলঙ্কা আনুষ্ঠানিকভাবে ডানহাতি পেসারের ছিটকের যাওয়ার খবর না জানালেও জিম্বাবুয়ে ম্যাচের আগে ইঙ্গিত দেন ভিক্রাম রাঠোর।
লঙ্কান ব্যাটিং পরামর্শক বলেন, ‘আমার মনে হয়, তাকে আসরের বাকি অংশের জন্য আনফিট ঘোষণা করা হয়েছে। যদি সে ছিটকে পড়ে, সেটা শিগগিরই জানানো হবে। আর বদলির ব্যাপারটি নিয়ে এখনও আলোচনা চলছে।’
কয়েক ঘণ্টা পরই পাথিরানার ছিটকে যাওয়ার খবর জানায় আইসিসি। লঙ্কান পেসারের বদলি হিসেবে আলোচনায় ছিলেন মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা ও মিলান রত্নায়েকে। শেষ পর্যন্ত বাঁহাতি পেসার মাদুশঙ্কাকে বেছে নিয়েছে শ্রীলঙ্কা। সবশেষ ২০২৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি খেলেছেন তিনি।