২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো ভারত ও শ্রীলঙ্কাতে চলমান বিশ্বকাপেও ২০টি দল অংশ নিচ্ছে। ২০২৮ বিশ্বকাপেও ২০টি দল খেলার সুযোগ পাবে। টুর্নামেন্টটি আয়োজনের স্বত্ব পেয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। স্বাগতিক হওয়ায় সবার আগে বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে তাদের। আইসিসির নিয়ম অনুযায়ী মোট ১২টি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।
বাকি আটটি দল বিভিন্ন অঞ্চলের বাছাই পর্ব পেরিয়ে আসবে। স্বাগতিকদের পাশাপাশি আগের বিশ্বকাপের সুপার এইটে ওঠা দলগুলো পরবর্তী বিশ্বকাপে খেলার সুযোগ পায়। যার ফলে ২০২৬ বিশ্বকাপের সুপার এইটে ওঠা ২০২৮ বিশ্বকাপের টিকিট পেয়েছে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
২০২৮ বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়া চলতি বিশ্বকাপের সুপার এইটে উঠতে পারেনি। তাতে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাচ্ছে তিনটি দল। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ৯ নম্বরে আছে বাংলাদেশ, দশে আফগানিস্তান, ১১ নম্বরে জিম্বাবুয়ে এবং ১২ নম্বরে আছে আয়ারল্যান্ড। জিম্বাবুয়ে সুপার এইটে জায়গা করে নেওয়ায় র্যাঙ্কিংয়ে সেরা তিনে থাকছে আইরিশরা।
আগামী ৯ মার্চ পর্যন্ত বর্তমান র্যাঙ্কিংয়ে থাকতে হবে তাদের। যেহেতু বিশ্বকাপ শেষ হওয়ার আগে কোনো দলের আন্তর্জাতিক সিরিজ নেই তাই র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসারও কোন সুযোগ নেই। যার ফলে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।
বাছাই পর্ব পেরিয়ে আসা আটটি দল যুক্ত হবে সরাসরি জায়গা পাওয়া ১২ দলের সঙ্গে। গত বিশ্বকাপের মতো আগামী আসরেও আমেরিকা অঞ্চল থেকে একটি, ইউরোপ থেকে দুটি, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি দল বিশ্বকাপে খেলবে।