ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। পূর্বাভাস অনুযায়ী, দিনের শুরুতে আবহাওয়া থাকবে উষ্ণ ও আর্দ্র, তাপমাত্রা উঠতে পারে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। বিকেলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৭০ শতাংশ।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা ম্যাচটি। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আবহাওয়ার মডেল অনুযায়ী ম্যাচ শুরুর আগে কয়েক ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে। এতে টসে বিলম্ব বা ম্যাচের দৈর্ঘ্য কমানোর পরিস্থিতি তৈরি হতে পারে।
তবে প্রেমাদাসা স্টেডিয়ামের পানিনিষ্কাশন ব্যবস্থা উন্নতমানের। পুরো মাঠ ঢাকার মতো কভার থাকায় ভারী বৃষ্টির পরও দ্রুত খেলা শুরু করার সুযোগ থাকে। মাঠকর্মীরা নির্দিষ্ট পদ্ধতিতে পানি সরিয়ে দেন, যা কার্যকর বলে বিবেচিত।
সাধারণত ভারী বৃষ্টি থামার ৪৫ থেকে ৬০ মিনিটের মধ্যে মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়। অতীতে এমন পরিস্থিতিতে দ্রুত ম্যাচ শুরু করার নজির রয়েছে এই ভেন্যুতে। তবে চলতি আসরে শ্রীলঙ্কায় এখন পর্যন্ত কোনো ম্যাচ আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়নি।
এদিকে ম্যাচ পরিত্যক্ত হলে দুই দল এক পয়েন্ট করে পাবে। ‘এ’ গ্রুপের বর্তমান অবস্থান অনুযায়ী, তাতে লাভবান হবে ভারত ও পাকিস্তান দু’দলই। দুই ম্যাচে দুই জয় নিয়ে উভয় দলের পয়েন্ট এখন ৪। একই গ্রুপে যুক্তরাষ্ট্র তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয়, নেদারল্যান্ডস সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ এবং নামিবিয়া দুই ম্যাচে কোনো পয়েন্ট পায়নি।
সমীকরণ বলছে, আর এক পয়েন্ট পেলেই সুপার এইট নিশ্চিত হয়ে যাবে ভারত ও পাকিস্তানের। কারণ বাকি তিন দলের কারোর পক্ষেই ৫ পয়েন্টে পৌঁছানো সম্ভব নয়, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস তাদের শেষ ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৪ পয়েন্টে যেতে পারবে, দুই ম্যাচ বাকি থাকা নামিবিয়ারও সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট ৪। ফলে বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে আজই সুপার এইট নিশ্চিত করবে ভারত ও পাকিস্তান।
আর ম্যাচ হলে জয়ী দল সরাসরি উঠবে পরের পর্বে, পরাজিত দলকে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত; যেখানে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও পাকিস্তানের সামনে নামিবিয়া।