নিজেদের বিশ্বসেরা ভেবেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপ
অনুশীলনে বরুণ চক্রবর্তী, এএফপি
অনুশীলনে বরুণ চক্রবর্তী, এএফপি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে ৯৩ রানে উড়িয়ে দিয়েছে ভারত। টানা দুই জয়ে সুপার এইটের সম্ভাবনা জোরালো করেছে বিশ্বকাপের স্বাগতিকরা। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।

এই ম্যাচের আগে বেশ ভালো আত্মবিশ্বাসী ভারতীয় দল। দলটির স্পিনার বরুণ চক্রবর্তী জানিয়েছেন তারা প্রস্তুত আছেন পাকিস্তান ম্যাচের জন্য। বিশেষ করে উপমহাদেশের কন্ডিশনে স্পিন আক্রমণের কারনে নিজেদের এগিয়ে রাখছেন ভারতের এই স্পিনার। তাদের বিপক্ষে অতীত পারফরম্যান্সই বড় আত্মবিশ্বাস দিচ্ছে ভারতকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের স্পিন আক্রমণ খুবই শক্তিশালী, আর আমি মনে করি এই জায়গাতেই আমরা তাদের চেয়ে এগিয়ে। তারা টানা এই কন্ডিশনে খেলছে, তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার দিক থেকে কিছুটা সুবিধা পেতেই পারে। তবে দল হিসেবে আমরা তাদের বিপক্ষে বরাবরই ভালো করেছি এবং এবারও আমরা দারুণভাবে প্রস্তুত।'

বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আত্মবিশ্বাসই বড় শক্তি মনে করেন বরুণ। নিজেদের বিশ্বসেরা দল হিসেবে ভাবতে পারলেই এমন ম্যাচে চাপ ধরে রাখা যাবে বলে ধারণা ভারতীয় এই স্পিনারের। তাই পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামতে চান বলে জানিয়েছেন বরুণ।

তিনি বলেন, 'বিশ্বকাপের মতো আসরে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে নামলে আত্মবিশ্বাসটাই সবচেয়ে বড় শক্তি। আপনাকে বিশ্বাস করতেই হবে—আপনিই বিশ্বের সেরা দল। সেই বিশ্বাস নিয়েই খেলতে নামলে বড় মঞ্চে, বড় মুহূর্তে সেরাটা দেওয়া সম্ভব।'

নিজের বোলিং নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে ছন্দে হারানোর সুযোগ নেই বলেই বিশ্বাস করেন তিনি। প্রথম বল থেকেই নিখুঁত হতে হয়। তাই শুরু থেকেই সঠিক লাইনে বল করার অনুশীলন করছেন। ভ্যারিয়েশন দ্রুত করার পাশাপাশি ওভারস্পিন নিয়েও কাজ করছেন, যাতে উইকেট থেকে বাড়তি গতি ও স্কিড পাওয়া যায়।

নিজের বোলিংয়ের বিস্তারিত জানিয়ে বরুণ যোগ করেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ছন্দ খুঁজে নেওয়ার জন্য আলাদা করে কোনো সময় বা সুযোগ থাকে না। প্রথম বল থেকেই ছন্দে থাকতে হয়। অনেক দিন ধরেই আমি এ বিষয়টি নিয়ে কাজ করছি, কারণ আমি চাই না আমার প্রথম বলটি সহজ হয়ে যাক। বল এক থেকেই আমাকে সঠিক লাইনে-লেন্থে থাকতে হবে।'

তিনি আরও যোগ করেন, 'ব্যাটসম্যানদের প্রতিক্রিয়া জানানোর সময় কমিয়ে দিতে ভ্যারিয়েশনগুলো আরও দ্রুত করার উপরেও কাজ করেছি। একই সঙ্গে ওভারস্পিন নিয়েও কাজ করছি। ওভারস্পিন ঠিকভাবে বের হলে উইকেট থেকে বাড়তি গতি পাওয়া যায়, আর বল পিচে পড়ে দ্রুত স্কিড করে যায়।'

আরো পড়ুন: