রাজস্থানে স্যামসনের জায়গা নিচ্ছেন পরাগ

আইপিএল
বিসিসিআই
বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের আগে রাজস্থান রয়্যালস ছেড়েছেন সাঞ্জু স্যামসন। ডানহাতি উইকেটকিপার ব্যাটার আগামী মৌসুমে খেলবেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। স্যামসন না থাকায় ২০২৬ আইপিএলের জন্য রাজস্থানের নেতৃত্ব পাচ্ছেন রিয়ান পরাগ। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।

চোটের কারণে আইপিএলের গত আসরে রাজস্থানের হয়ে বেশিরভাগ ম্যাচেই খেলতে পারেননি স্যামসন। ওই সময় ইয়াশভি জয়সাওয়ালের সঙ্গে ওপেনিং করেছেন বৈভব সূর্যবংশী। আগামী মৌসুমেও রাজস্থানের ওপেনিংয়ে দেখা যেতে পারে তাদের দুজনকে। এমন পরিস্থিতিতে টুর্নামেন্ট শেষ হওয়ার পর স্যামসনের পরিবারের সদস্যরা সরাসরি বলেছিলেন রাজস্থানের হয়ে খেলার ইচ্ছে নেই ডানহাতি উইকেটকিপার ব্যাটারের।

পরবর্তীতে নিলামের আগে ট্রেডে রাজস্থান ছেড়ে চেন্নাইয়ে গেছেন স্যামসন। যার ফলে আগামী মৌসুমের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে রাজস্থানকে। স্যামসন যখন চোটে পড়েছিলেন তখন ফ্র্যাঞ্চাইজিটিকে নেতৃত্ব দিয়েছেন পরাগ। মোট আটটি ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি। যার মধ্যে মাত্র দুইটি ম্যাচে জিততে পেরেছে তারা। যদিও ব্যাাটার হিসেবে ভালো করেছিলেন পরাগ।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ক্যারিয়ারসেরা ৯৫ রানের ইনিংস খেলার পাশাপাশি অধিনায়ক থাকাকালীন ৩৮.৫৭ গড়ে রান করেছেন ডানহাতি এই ব্যাটার। নতুন অধিনায়ক ঠিক করতে ইতোমধ্যে বেশ কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছেন কুমার সাঙ্গাকারা। সেই তালিকায় সবার উপরে ছিলেন পরাগ। ক্রিকইনফো জানিয়েছে, পরবর্তীতে অধিনায়ক হওয়ার খুব কাছেই আছেন তিনি।

২০১৯ সালে আইপিএলে অভিষেক হয় পরাগের। এখনো পর্যন্ত সাত মৌসুমের সবকটিই খেলেছেন রাজস্থানের হয়ে। গত দুই মৌসুমের সবকটি ম্যাচেই একাদশে ছিলেন ডানহাতি এই ব্যাটার। ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন ২০২৪ আইপিএলে। সেবার ৫২.০৯ গড় ও ১৪৯.২১ স্ট্রাইক রেটে ৫৭৩ রান করেছিলেন। সব মিলিয়ে রাজস্থানের হয়ে ৮৪ ম্যাচে ১ হাজার ৫৬৬ রানের পাশাপাশি ৭ উইকেট নিয়েছেন।

আরো পড়ুন: