অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং ইনিংসের সপ্তম ওভারে জশ ইংলিসের বলে ক্যাচ নিতে গিয়ে পড়ে ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন স্টার্লিং। তবুও ওপেনার হিসেবেই ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। রান তাড়ায় প্রথম সিঙ্গেল নিতে গিয়েই অস্বস্তিবোধ করেন ডানহাতি ওপেনার। যার ফলে মাঠ ছেড়ে যান তিনি।
বুধবার রাতেই স্টার্লিংকে হাঁটুর স্ক্যান করাতে পাঠানো হয়। স্ক্যান রিপোর্ট অনুযায়ী, আইরিশ অধিনায়কের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। এমন অবস্থায় বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হচ্ছে তাকে। যদিও অস্ট্রেলিয়া ম্যাচের পরই স্টার্লিংয়ের ছিটকে যাওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন উইলসন।
এ প্রসঙ্গে আয়ারল্যান্ডের ব্যাটিং কোচ উইলসন বলেছিলেন, ‘খুব একটা ভালো মনে হচ্ছে না (স্টার্লিংয়ের চোটের অবস্থা)…। স্ক্যান করতে পাঠানো হয়েছে তাকে। রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে ভেবেছিল যে ঠিকঠাক আছে, এজন্যই ব্যাটিংয়ে নেমেছিল। ভালো অনুভব না করলে তো আর ব্যাটিংয়ে নামত না। তার ভাবনায় ছিল মূলত পাওয়ার প্লে যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা। সিঙ্গল নেওয়ার চেষ্টা করছি। কিন্তু পরিষ্কারভাবেই বেশি জড়তা হাঁটুতে অনুভব করেছে সে।’
স্টার্লিংয়ের বদলি হিসেবে আয়ারল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ মিলেছে টপিংয়ের। ২০ বছর বয়সি উইকেটকিপার ব্যাটারের এখনো টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। বর্তমানে চেন্নাইয়ে আছেন টপিং। গত মৌসুমে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪০ স্ট্রাইক রেট ও ৩১ গড়ে ২১৭ রান করেছিলেন।