বাবরের ব্যাটিং নিয়ে পন্টিং-শাস্ত্রীর উদ্বেগ

টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাবর আজম, রিকি পন্টিং ও রবি শাস্ত্রী
বাবর আজম, রিকি পন্টিং ও রবি শাস্ত্রী
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৩ বিশ্বকাপের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। এরপর আবারও নেতৃত্বে ফেরানো হলেও বেশিদিন স্থায়ী হতে পারেননি তিনি। এমনকি দল থেকেও বাদ পড়ে যান বাবর। তবে অভিজ্ঞ এই ব্যাটারকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে পাকিস্তান। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান।

এই ম্যাচে রীতিমতো ব্যর্থ হয়েছেন বাবর ১৮ বল খেলে করেছেন ১৫ রান। এমন ইনিংসের পর কড়া সমালোচনা হচ্ছে পাকিস্তানের এই তারকা ব্যাটারের। বাবরের এমন ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ও ভারতীয় সাবেক কোচ রবি শাস্ত্রী।

বাবরের ফর্ম নিয়ে পন্টিং বলেন, 'আপনি যদি ১৮ বলে ১৫ রানে থাকেন, তাহলে শুধু নিজের ওপরই চাপ তৈরি করছেন না, অন্য প্রান্তের ব্যাটসম্যানের ওপরও চাপ ফেলছেন। তখন সে জানে, বাউন্ডারি মারার দায়িত্বটা তার কাঁধেই পড়ছে। বাবরের শুরু থেকেই বাউন্ডারি দরকার। প্রথম ছয় বলে অন্তত দুইটা বাউন্ডারি না পেলে, প্রতিবার সে ব্যাট করতে নামলেই ম্যাচের গতি বদলে যাবে।'

বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অপরাজিত হাফ সেঞ্চুরি করেছিলেন বাবর। তবে তার ব্যাটিংয়ে এখনও বেশ কিছু ত্রুটি রয়েছে বলে দাবি ক্রিকেট বিশেষজ্ঞদের। এই সমস্যা কাটিয়ে উঠতে বাবরকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন শাস্ত্রী।

তিনি বলেন, 'ক্যারিয়ারের এই পর্যায়ে এলে কিছু ‘বাগেজ’ থাকে। প্রত্যাশার ওজন থাকে। মানুষ ধরে নেয়, আপনি মাঠে নামবেন আর পারফর্ম করবেন। আমি বলব, প্রথম পাঁচ বলে কী হলো সেটা বড় কথা না—আউট হলেও সমস্যা নেই। কিন্তু চেষ্টা থাকতে হবে দুইটা বাউন্ডারি মারার। নিজের জায়গা বেছে নিন, ভালো পজিশনে যান, বোলার কী করতে যাচ্ছে সেটা আগেভাগে বুঝতে চেষ্টা করুন। তাতে আপনার নিজেরই ভালো লাগবে, আর পরিস্থিতিও বদলাতে পারে।'

স্পিনারদের বিপক্ষে খুব ধৈর্য নিয়ে খেলতে পারছেন না বাবর। যা বাবরের ব্যাটিংয়ে আরও বড় চিন্তার ভাঁজ ফেলেছে। পন্টিং যোগ করেন, 'আমার চোখে মনে হচ্ছে, সে তার কিছুটা পাওয়ার হারিয়েছে। বিশেষ করে স্পিনারকে যেভাবে আগে আক্রমণ করত, এখন সেটি আর দেখা যাচ্ছে না। এমনকি বল ক্লিয়ার করার কাছাকাছিও যেতে পারছে না। আমি টুর্নামেন্টের শুরুতে তাকে সমর্থন করেছি। বড় মঞ্চে বড় নাম দরকার হয়। অভিজ্ঞ খেলোয়াড় লাগে যদি আপনি ট্রফি জিততে চান। পাকিস্তানের সামনে এগোতে হলে বাবর আজমের সেরা সংস্করণটাই দরকার।'

পন্টিং আরও একটি কৌশলগত পরামর্শ দিয়েছেন। বাবরকে আবার তিন নম্বরে ফেরানোর কথা ভাবতে পারে পাকিস্তান। কারণ উপরের দিকে ব্যাটিং করলে পাওয়ার প্লে'র সুবিধা কাজে লাগাতে পারবেন বাবর। সেই সময় বেশিরভাগ ফিল্ডারই সার্কেলের ভেতরে থাকেন। ফলে বাউন্ডারি মারাটাও বেশ সহজ হবে তার জন্য।

এই পরামর্শ দিয়ে পন্টিং বলেন, 'আমি হলে তিন নম্বরে ব্যাটিং করানোর কথাও ভাবতাম। যত তাড়াতাড়ি সে ব্যাট করতে নামবে, তত বেশি পাওয়ার প্লে'র সময় পাবে, যখন ফিল্ডার ভেতরে থাকে। যদি তার পাওয়ার একটু কমে গিয়ে থাকে, তাহলে সব সুবিধাই তার দরকার। মাত্র দুজন ফিল্ডার বাইরে থাকলে সেটা তাকে সাহায্য করবে। তার পরে যারা ব্যাট করবে, তাদের তো পাওয়ারের অভাব নেই। তারা মাঝের ওভারে স্পিনারদের বিপক্ষে ফিল্ডাররা ছড়িয়ে গেলে সুবিধা নিতে পারবে।'

আরো পড়ুন: