সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে নিয়মিত না হলেও নেপালের লিগে দল পেয়েছেন বাঁহাতি ব্যাটার। কদিন আগে দল পেয়েছেন আবুধাবি টি-টেন লিগে। খেলবেন বাংলাদেশের মালিকানাধীন ইউনাইটেড টাইগার্সের হয়ে।
বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে এনপিএলে দল পেয়েছেন শামীম। সবার আগে দল পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক অধিনায়ক খেলবেন পোখারা ফ্র্যাঞ্চাইজির হয়ে। একই দলে দেখা যাবে মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ সাইফউদ্দিন।
চোটের কারণে বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন সাইফউদ্দিন। তবে ফিটনেস টেস্টে উতরে যেতে পারলে এনপিএলের এনওসি পাবেন পেস বোলিং এই অলরাউন্ডার। এদিকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে সবার নজর কেড়েছেন রুবেল। রহস্যময় এই স্পিনার খেলবেন পোখারাতে।
এ ছাড়া বিরাটনগর কিংসের হয়ে খেলবেন জিসান আলম। আকবর আলী ও আরিফুল ইসলামকে দেখা যাবে কর্নালি ইয়াকসের জার্সিতে। আগামী ১৭ নভেম্বর পর্দা উঠবে এনপিএলের। ফাইনাল হবে ১৩ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে কাঠমাণ্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।