সবচেয়ে বেশি গুঞ্জন চলছে হার্দিক পান্ডিয়ার চেন্নাই সুপার কিংসে যোগ দেয়া নিয়ে। তবে ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক রবিচন্দ্রন অশ্বিন অবিশ্য হার্দিকের চেন্নাইয়ে যোগ দেয়ার সম্ভাবনা খুব একটা দেখছেন না। তিনি মনে করেন হার্দিককে দলে নেয়ার ব্যাপারে চেন্নাইয়ের চেয়ে এগিয়ে আছে রাজস্থান রয়্যালস।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘ধোনি ব্যক্তিগতভাবে হার্দিক পান্ডিয়াকে চেন্নাইয়ে আনতে রাজি করাবেন, এমন আলোচনা চলছে। হার্দিক চেন্নাইয়ের জন্য দারুণ সংযোজন হবেন। তবে আমার মতে, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি যা শুনেছি, হার্দিককে দলে নেওয়ার দৌড়ে রাজস্থান রয়্যালস সবার ওপরে আছে।’
চেন্নাই আগামী আসরের নিলামের আগেই নিজেদের কোচিং স্টাফে বড় পরিবর্তন নিয়ে এসেছে। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ভারতের সাবেক পেসার জহির খান। এর আগে এই কোচ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কাজ করেছেন। দলটির অধিনায়ক হার্দিকের সঙ্গে তার সম্পর্কের টানাপড়েনের খবরও বেরিয়েছিল।
মুম্বাইয়ের হয়ে গত কয়েক আসর ধরেই হার্দিক ভালো পারফরম্যান্স করতে পারছেন না। গত মৌসুমে ১০ ম্যাচে ২০৬ রান করেন তিনি। পাশাপাশি বল হাতে নেন মাত্র ৪ উইকেট। এর আগের মৌসুমে ২২৪ রানের পাশাপাশি নিয়েছিলেন ১৪ উইকেট। মুম্বাই পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থেকে গত আসর শেষ করেছিল।
কয়েকদিন আগেই মুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মাহেলা জয়াবর্ধনে। ফলে নতুন কোচের অধীনে হার্দিক নিজেকে মেলে ধরতে পারবেন কিনা বা নতুন কোচের পরিকল্পনায় তিনি থাকবেন কিনা তা নিয়েও অনেক প্রশ্ন আছে। তবে জানা গেছে শুধু রাজস্থান বা চেন্নাই নয় এই অলরাউন্ডারকে পেতে লড়াইয়ে নেমেছে কলকাতা নাইট রাইডার্স ও লক্ষৌ সুপার জায়ান্টস।