মাহফিজুলের সেঞ্চুরি, জাকিরের ৭১

জাতীয় ক্রিকেট লিগ
ফাইল ছবি, বিসিবি
ফাইল ছবি, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে হাফ সেঞ্চুরির সঙ্গে সেঞ্চুরিও করেছিলেন মাহফিজুল ইসলাম রবিন। পরের রাউন্ডেও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন ডানহাতি এই ওপেনার। তৃতীয় রাউন্ডেও ব্যাট হাতে জ্বলে উঠেছেন তিনি। ঢাকার বিপক্ষে সেঞ্চুরি করে অপরাজিত আছেন ১১৬ রানে। ভিন্ন আরেকটি ম্যাচে সেঞ্চুরির সুযোগ থাকলেও ৭১ রানে রিটায়ার্ট হার্ট হয়েছেন সিলেটের জাকির হাসান।

মাহফিজুলের আরেকটি সেঞ্চুরি, বড় পুঁজির আভাস ময়মনসিংহের

কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে মাহফিজুল ও খালিদ হাসানের ব্যাটে ভালো শুরু পায় ময়মনসিংহ বিভাগ। সকালের প্রথম ঘণ্টা অনায়াসে কাটিয়ে দেন তারা দুজন। তবে ইনিংসের ১৯তম ওভারে তাদের দুজনের জুটি ভাঙেন আরিফ আহমেদ। বাঁহাতি স্পিনারের বলে জিসান আলমের হাতে ক্যাচ দিয়েছেন ২৪ রান করা খালিদ। তিনে নামা আরিফুল ইসলাম সুবিধা করতে পারেননি।

১৩ বল খেলা ডানহাতি ব্যাটার লেগ বিফোর উইকেট হয়েছেন সুমন খানের বলে। ৫০ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন মাহফিজুল ও আব্দুল মজিদ। ধীরগতির ব্যাটিংয়ে ১৪৫ বলে হাফ সেঞ্চুরি করেন মাহফিজুল। উইকেটে অনেকটা সময় টিকে থাকলেও ইনিংস বড় করতে পারেননি মজিদ। ৮৩ বলে ১৮ রান করে আউট হয়েছেন আমিনুল ইসলাম বিপ্লবের বলে। ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি আল আমিন জুনিয়রও।

২১ রান করে আউট হয়েছেন বিপ্লবের। শেষ বিকেলে রিজান হোসেন ও মাহফিজুল মিলে ময়মনসিংহকে টেনে নেন। দুর্দান্ত ব্যাটিংয়ে ২১৬ বলে সেঞ্চুরি করেন মাহফিজুল। প্রথম দিনের খেলা শেষে তিনি অপরাজিত ১১৬ রানে। চলতি মৌসুমে ডানহাতি ওপেনারের এটি দ্বিতীয় সেঞ্চুরি। তাকে সঙ্গ দেওয়া রিজান অপরাজিত ৪৩ রানে। প্রথম দিন শেষে ঢাকার বিপক্ষে ৪ উইকেটে ২২৬ রান তুলেছে ময়মনসিংহ।

একাই লড়লেন জাকির, রংপুরের দাপট

টস জিতে ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারে সৈকত আলীর উইকেট হারায় সিলেট। একটু পর ফিরেছেন অমিত হাসানও। মেহেদী হাসানের বলে আউট হওয়ার আগে ১৬ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। পরের বলে আউট হয়েছেন আসাদুল্লা আল গালিবও। ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট। সেখান থেকে টেনে তোলার চেষ্টা করেন জাকির ও জাকের আলী।

যদিও তাদের দুজনের জুটি খুব বেশি বড় হয়নি। ৫৬ বলে ১৭ রান করেছেন জাকের। সাবধানী ব্যাটিংয়ে ১১১ বলে হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক জাকির। সেঞ্চুরিও পেতে পারতেন তিনি। তবে ১৩৫ বলে ৭১ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়েছেন বাঁহাতি ওপেনার। পেশিতে টান লাগায় তিনি বেরিয়ে যান। একটু পর ফিরেছেন আশরাফুল হাসান রিহাদ ও তোফায়েল আহমেদ।

লোয়ার অর্ডারের নাসুম আহমেদ, নাঈম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদরা ফিরেছেন দ্রুতই। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭৯ রানে অল আউট হয়েছে সিলেট। রংপুরের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মেহেদী ও স্বাধীন ইসলাম। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৩২ রান তুলেছে রংপুর। ১৫ রানে মীম মোসাদ্দেক ও ১৪ রানে অপরাজিত ইকবাল হোসেন।

আরো পড়ুন: