বিপিএল ইতিহাসের সবচেয়ে বড় তারকাদের একজন গেইল। বাংলাদেশের দর্শকদের কাছে তার জনপ্রিয়তা যেমন আকাশছোঁয়া, তেমনি এই টুর্নামেন্টেও রেখে গেছেন স্মরণীয় কিছু মুহূর্ত। বিশেষ করে ২০১৭ সালের ফাইনালে রংপুর রাইডার্সের হয়ে ১৪৬ রানের বিধ্বংসী ইনিংস এখনো বিপিএলের ইতিহাসে আলাদা জায়গা নিয়ে আছে। বিপিএলে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরষ্কারও জিতেছেন 'ইউনিভার্স বস'। সেই গেইলই আবার বিপিএলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ইমরুল।
ক্রিকফ্রেঞ্জিকে ইমরুল বলেন, 'গেইল আমাকে জিজ্ঞেস করেছিল যে বিপিএলের কী অবস্থা। আমি তো ওকে বলছিলাম, তুমি কি বিপিএল খেলবে? তো আমাকে বলছে, আমি অবশ্যই বিপিএল খেলতে চাই।'
শুধু বিপিএলে খেলার আগ্রহই নয়, বাংলাদেশে খেলার অভিজ্ঞতা নিয়েও ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন গেইল। ইমরুলের বর্ণনায়, বাংলাদেশের এই টুর্নামেন্ট উপভোগ করেন তিনি। ঢাকাও তার পছন্দের জায়গাগুলোর একটি।
ইমরুল বলেন, 'গেইল বলেছে বিপিএল আমি এনজয় করি, ঢাকাতে আমি সবসময় পছন্দ করি। ভালো লাগলো, আমি বললাম যে বিপিএল হয়তোবা পরের বছর আবার নতুন করে বড় আকারে হবে।'
২০১২ সালে বরিশাল বার্নার্সের হয়ে এই টুর্নামেন্টে খেলেছিলেন গেইল। পরে রংপুর রাইডার্সের হয়ে ২০১৭ সালের বিপিএলে দারুণ পারফরম্যান্স উপহার দেন ক্যারিবীয় এই ব্যাটার। বিশেষ করে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফাইনালে ৬৯ বলে অপরাজিত ১৪৬ রানের ইনিংস খেলে রংপুরকে শিরোপা জেতান তিনি। সেই ইনিংসে ছক্কা হাঁকান ১৮টি। টুর্নামেন্টে ৪৮৫ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি, পাশাপাশি জেতেন টুর্নামেন্টসেরার পুরস্কার।
বিপিএলের সেই স্মরণীয় অধ্যায়ের পর গেইলকে ঘিরে দর্শকদের আগ্রহ কখনো কমেনি। তার আগ্রাসী ব্যাটিং, বড় ছক্কা হাঁকানোর সামর্থ্য আর মাঠের বিনোদন সব মিলিয়ে বিপিএলে গেইলের উপস্থিতি বরাবরই বাড়তি আকর্ষণ তৈরি করেছে।