সবশেষ বিপিএল আসরের তিন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি। বৈঠকে বিপিএলের ভবিষ্যৎ মডেল, ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক সমস্যা এবং আগের আসরের বকেয়া পারিশ্রমিকসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়াও সেই বৈঠকে পুরোনো ব্যবস্থায় ফ্র্যাঞ্চাইজিদের অভিজ্ঞতাও সামনে এসেছে। ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের বৈঠকের পর ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদের বক্তব্যে উঠে এসেছে সেই অসন্তোষের কথাই। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে পারস্পরিক সম্মান, নিরাপত্তা ও কাজের পরিবেশ নিশ্চিত করেই নতুন বিপিএল চান আতিক। তার মতে, আগের মতো একই কাঠামোয় আবার টুর্নামেন্ট আয়োজন করা হলে মালিকদের বিনিয়োগ ও পরিশ্রমের পরও শেষ পর্যন্ত তাদেরই কাঠগড়ায় দাঁড়াতে হবে।
বৈঠক শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে আতিক বলেন, 'আমাদের সবার দাবিটাই ছিল এমন যে, এমন একটা বিপিএল হোক যেখানে ফ্র্যাঞ্চাইজি মালিকদের চারিত্রিক অবমূল্যায়ন করা হবে না, যেখানে আমাদের বন্দী করে রাখা হবে না হোটেলে। আমাদের মধ্যে একটা শ্রদ্ধা থাকবে,বিসিবি আর আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকবে।'
ঢাকা ক্যাপিটালসের সিইওর এই বক্তব্যের পেছনে আগের আসরের নানা বিতর্কের প্রেক্ষাপটও রয়েছে। গত বিপিএলে ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের কার্যক্রম নিয়ে প্রকাশ্য অভিযোগ উঠেছিল। ক্রিকেটারদের মানসিকভাবে অস্বস্তিতে ফেলা এবং নিয়ম মেনে জিজ্ঞাসাবাদ না করার অভিযোগও তুলেছিলেন আতিক।
এবার তামিমের নেতৃত্বাধীন বিসিবি অবশ্য পুরোনো মডেলেই ফিরতে চাইছে না। বোর্ড সভাপতি আগেই জানিয়েছেন, তাড়াহুড়ো করে বিপিএল আয়োজনের ইচ্ছা নেই। গত দুই আসরে প্রায় ৪০ কোটি টাকা লোকসানের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির আয় হওয়ার কথা, লোকসান নয়। বকেয়া পেমেন্ট, ব্যাংক গ্যারান্টি ও ফ্র্যাঞ্চাইজিদের নিয়ম ভঙ্গের মতো বিষয়গুলো সমাধান করেই ভবিষ্যতে টুর্নামেন্ট আয়োজন করতে চায় বোর্ড।
আতিকও মনে করছেন, নতুন কাঠামো তৈরি না করে আবার বিপিএল আয়োজন করা হলে পুরোনো সমস্যাই ফিরে আসবে। তিনি বলেন, 'একই রূপরেখায় যদি আবার বিপিএল হয়, অবশ্যই আমি আবার অপমানিত হব। আমি যতই এখানে টাকা ঢালি না কেন, যতই শ্রম দিই না কেন, যতই উন্নয়নের চিন্তা করি না কেন—দিনশেষে আমিই খারাপ হব। তো এই একই রূপরেখায় যদি আবার বিপিএল করে, তাহলে তো অন্তত ব্যক্তিগতভাবে আমি থাকব না।'
বৈঠক থেকে নতুন কাঠামো তৈরির জন্য বিসিবিকে সময় দেওয়ার পক্ষেই ছিলেন তিন ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধি। এ প্রসঙ্গে ঢাকা ক্যাপিটালসের সিইও বলেন, 'তামিম ইকবাল এমনভাবে বিপিএলের একটা কাঠামো দাঁড় করাতে চান, যেটার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিক, বিসিবি, খেলোয়াড় এবং আরও যারা এর সঙ্গে যুক্ত আছে, প্রত্যেকেই লাভবান হবে। এখন সেই কাঠামোটা দাঁড় করানোর আগ পর্যন্ত উনাকে আমাদের সময় দিতে হবে, আর আমরা ওইটাতে সম্মত আছি।'