হৃদয়-জাকেরদের বিপক্ষে মুথুসামি-ইউসুফকে পাচ্ছে না সাউথ আফ্রিকা

বাংলাদেশ ‘এ’ দলের সাউথ আফ্রিকা সফর
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে ইনিংস ও ৪১৩ রানে জয় পেয়েছে সাউথ আফ্রিকা ‘এ’ দল। সেই ম্যাচের পর বড়সড় ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। পিঠের পেশির খিঁচুনির জন্য দ্বিতীয় চার দিনের ম্যাচ থেকে ছিটকে গেছেন সেনুরান মুথসামি। ফলে ৩০ আগষ্ট থেকে শুরু হতে যাওয়া ম্যাচে পাওয়া যাচ্ছে না বাঁহাতি স্পিনারকে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা ক্রিকেট। তবে মুথুসামির বদলি কোনো ক্রিকেটারের নাম জানায় দেশটির ক্রিকেট বোর্ড। বাঁহাতি স্পিনারের সেরে উঠতে এক সপ্তাহের বেশি সময় লাগবে। আগামী ১০ সেপ্টেম্বর ফার্স্ট ক্লাস সিরিজ দিয়ে মাঠে ফিরবেন তিনি। যেখানে ওয়েস্টার্ন প্রভিন্সের বিপক্ষে মুথুসামি খেলবেন ডাফাবেট ওয়ারিয়র্সের হয়ে।

মুথুসামির পাশাপাশি দ্বিতীয় ম্যাচে কোডি ইউসুফকেও পাচ্ছে না সাউথ আফ্রিকা। ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রথম ম্যাচে ৫ উইকেট নেওয়া এই প্রোটিয়া পেসার। ইউসুফের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার দায়ান গালিম। সম্প্রতি বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। ইউসুফের জায়গায় একাদশেও সুযোগ পেতে পারেন তিনি।

সাউথ আফ্রিকার বিপক্ষে হারের পর স্কোয়াডে বড়সড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম চার দিনের ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। দ্বিতীয় ম্যাচের আগে বাদ পড়েছেন ৬ ক্রিকেটার। শাহাদাত হোসেন দিপুর সঙ্গে সেই তালিকায় আছেন মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, আনামুল হক, ইকবাল হোসেন ইমন ও কালাম সিদ্দিকী অ্যালিন।

প্রথম ম্যাচের দল থেকে টিকে গেছেন নাইম শেখ, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, আল ফাহাদ এবং ওপেনার জয়। দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য ঘোষণা করা হয়েছে ১৪ সদস্যের স্কোয়াড। অর্থাৎ ছয়জনকে বাদ দিলেও যুক্ত করা হয়েছে সাত ক্রিকেটারকে।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হওয়া তাওহীদ হৃদয় ডাক পেয়েছেন দ্বিতীয় চার দিনের ম্যাচের স্কোয়াডে। ডানহাতি ব্যাটারের সঙ্গে আছেন রেজাউর রহমান রাজা, জাকের আলী অনিক, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।